নকশি কাঁথা থেকে দার্জিলিং চা, বাংলা মাতবে জিএসটি-তে? মোদী সরকারের বড় সিদ্ধান্ত, কারা সবচেয়ে লাভবান হবেন?

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প এবং ক্ষুদ্র শিল্পের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি বহু পণ্যের উপর জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। নরেন্দ্র মোদীর সরকারের দাবি, এই সংস্কারের ফলে বাংলার কারুশিল্প, তাঁত, পাট, চামড়া, পোশাক সহ বিভিন্ন পণ্যের দাম এক ধাক্কায় ৬ শতাংশ থেকে ১১ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।
দিল্লির দাবি, এর ফলে পশ্চিমবঙ্গে ১০ লক্ষেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। যার মধ্যে রয়েছেন বাঁকুড়ার টেরাকোটা শিল্পী, চর্মশিল্পের সঙ্গে যুক্ত ৫ লক্ষ কর্মী এবং গার্মেন্টস শিল্পের আরও ৫ লক্ষ কর্মী।
কোন কোন ক্ষেত্রে মিলবে বড় সুবিধা?
ঐতিহ্যবাহী কারুশিল্প ও কৃষিনির্ভর শিল্পের জন্য পশ্চিমবঙ্গ দীর্ঘকাল ধরে সুপরিচিত। জিএসটি সংস্কার বাংলার কারুশিল্পী, কৃষক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সরাসরি ক্ষমতাবৃদ্ধি করবে বলে মনে করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
পোশাক শিল্পে স্বস্তি: ২,৫০০ টাকা পর্যন্ত মূল্যের তৈরি পোশাকের উপর এখন ৫ শতাংশ হারে কর ধার্য করা হয়েছে। দিল্লিতে দাবি, ৫ লক্ষ গার্মেন্টস কর্মচারী এর সুবিধা পাবেন এবং এর ফলে রপ্তানি ত্বরান্বিত হবে।
নকশি কাঁথা: ১২ শতাংশ থেকে জিএসটি ৫ শতাংশ হওয়ায় নকশি কাঁথার মতো সূচিকর্মের ক্ষেত্রে দাম প্রায় ৬.২৫ শতাংশ কমবে। এর ফলে ৮,০০০ টাকার একটি জমকালো কাঁথা-সেলাই করা শাড়ি এখন প্রায় ৫০০ টাকা কমে পাওয়া যাবে।
পাট শিল্প: পশ্চিমবঙ্গের পাট শিল্পে আড়াই লক্ষের বেশি কর্মী সরাসরি যুক্ত এবং ৪০ লক্ষ কৃষক পরিবার পাটের উপর নির্ভরশীল। ১২% থেকে জিএসটি কমে ৫% হওয়ায় এক হাজার টাকার একটি পাটের ব্যাগের ক্ষেত্রে ক্রেতাদের ৬০ টাকারও বেশি সাশ্রয় হবে, যা পাটকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।
কৃষি পণ্য: মালদহের আম এবং বিশ্ব সমাদৃত দার্জিলিং চায়ের মতো বিশেষ কৃষি পণ্যগুলিও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী হিসাবে নতুন ৫ শতাংশ জিএসটি-র ফলে লাভবান হবে বলে কেন্দ্র দাবি করেছে।
কেন্দ্রের বক্তব্য, দাম কমার ফলে একদিকে যেমন দেশীয় বাজারে হাতে তৈরি পণ্যের চাহিদা বাড়বে, তেমনই অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও নকশি কাঁথা বা পাটজাত পণ্যের মতো ঐতিহ্যবাহী শিল্পগুলি আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। এর ফলে জেলা জুড়ে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
গার্মেন্টস শিল্প: ৫ লক্ষ কর্মীর সুবিধা
কলকাতা ঐতিহাসিকভাবে ভারতের হোসিয়ারি শিল্পের জন্মস্থান। মেটিয়াবুরুজ, বারুইপুর এবং শিলিগুড়ি এই শিল্পের প্রধান কেন্দ্র। এই শিল্পের আনুমানিক পাঁচ লক্ষ শ্রমিক যুক্ত। কেন্দ্রীয় সরকারের মতে, ৫ শতাংশ জিএসটি ধাপের সীমা ২,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ইনারওয়্যার, বাচ্চাদের পোশাক এবং টি-শার্ট সহ বেশিরভাগ মাঝারি দামের পোশাক এখন কম করের আওতায় এসেছে। এটি শ্রমিক এবং ক্ষুদ্র উৎপাদনকারী উভয়কেই সুবিধা দেবে।