বিশ্বকাপের মঞ্চে বিরল কাণ্ড! ভারত-পাকিস্তান ম্যাচে মাছির উপদ্রবে প্রায় ১৫ মিনিট বন্ধ রইল খেলা, আতঙ্ক স্টেডিয়ামে

বিশ্বকাপ ক্রিকেটের মতো মেগা আসরে ভারত-পাকিস্তান ম্যাচ এমনিতেই ঘটনাবহুল। কিন্তু রবিবার মহিলা বিশ্বকাপে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বাইশ গজের লড়াইয়ে এক অপ্রত্যাশিত অতিথি এসে যোগ দিল—তা হলো মাছির দল! মাছির উপদ্রব এতটাই তীব্র ছিল যে, ভারতীয় ব্যাটিংয়ের মাঝে প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ রাখতে হয়। বিশ্বকাপের মঞ্চে এমন দৃশ্য রীতিমতো বিরল।

মাছির উপদ্রবে থমকে গেল ভারত-পাক লড়াই
ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটিং চলাকালীন মাছির ব্যাপক উপদ্রব শুরু হয়। এর জেরে সমস্যায় পড়েন প্রতীকা রাওয়াল এবং হার্লিন দেওল-এর মতো ভারতীয় ক্রিকেটাররা। শুধু ভারতীয়রাই নন, পাকিস্তানের ফিল্ডাররাও মাছি তাড়াতে হিমশিম খাচ্ছিলেন।

ক্রিকেটাররা অন-ফিল্ড আম্পায়ারদের ডেকে সমস্যার কথা জানান।

প্রাথমিকভাবে পাক ক্রিকেটাররা জার্সি ও টুপিতে বাগ স্প্রে ব্যবহার করার অনুমতি নিলেও তাতে বিশেষ লাভ হয়নি।

সময় যত গড়াতে থাকে, মাছির উপদ্রব তত বাড়তে থাকে। শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটিংয়ের ৩৪ ওভার শেষে ম্যাচ বন্ধ করে দিতে হয়।

ধোঁয়ায় মুড়ে ফেলা হলো মাঠ, তারপরও উইকেট পতন
উপদ্রব নিয়ন্ত্রণে আনতে মাঠকর্মীরা মুখোশ পরে মাছি তাড়াতে মাঠে নামেন। পুরো স্টেডিয়াম ধোঁয়ায় মুড়ে ফেলা হয় এবং প্রয়োজনীয় বাগ স্প্রে ব্যবহার করা হয়। প্রায় ১৫ মিনিটের বিরতির পর ক্রিকেটাররা মাঠে ফেরেন।

খেলা যখন বন্ধ হয়, তখন ক্রিজে ছিলেন দীপ্তি শর্মা ও জেমিমা রড্রিগেজ। ভারতের রান ছিল চার উইকেটে ১৫৪।

তবে খেলা পুনরায় চালু হওয়ার পরেই ভারত উইকেট হারায়। বিরতির পর প্রথম ওভারেই জেমিমা রড্রিগেজ (৩২)-এর উইকেট তুলে নেন পাক বোলাররা। ভারতীয় ইনিংসের সর্বোচ্চ ৪৬ রান আসে হার্লিন দেওলের ব্যাট থেকে। শেষদিকে উইকেটরক্ষক রিচা ঘোষের ২০ বলে ঝোড়ো ৩৫ রানের* সৌজন্যে ভারত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে।

পাক বোলারদের মধ্যে ডায়না বেইগ চার উইকেট নিলেও ৬৯ রান খরচ করেন। পাক অধিনায়িকা ফতিমা সানা দুই উইকেট এবং স্পিনার সাদিয়া ইকবাল দুই উইকেট নেন।

বিশেষজ্ঞদের ধারণা, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর অন্তর্গত শ্রীলঙ্কায় সম্প্রতি ব্যাপক বৃষ্টিপাতের জেরেই মাছির এই উপদ্রব শুরু হয়েছে।