“উৎসবের মরশুমে বাংলাকে ভাসানোর চক্রান্ত!”-ডিভিসি-কে সরাসরি তোপ দেগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা

নিম্নচাপের জেরে নবমী থেকে শুরু হওয়া টানা বৃষ্টির মধ্যেই ডিভিসি (DVC) দফায় দফায় জল ছাড়তে শুরু করায় ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আর এই পরিস্থিতিতে ডিভিসি-কে সরাসরি ‘চক্রান্তকারী’ বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সুর মিলিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনাকে ‘ম্যান মেড বন্যা’ আখ্যা দিয়ে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ডিভিসি-র লাগাতার জল ছাড়ার নীতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁচাছোলা ভাষায় তিনি অভিযোগ করেন, উৎসবের মরশুমে বাংলাকে প্লাবিত করার সুপরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি তাঁর X হ্যান্ডলে (পূর্বের টুইটার) লেখেন, “এটা সুপরিকল্পিত চক্রান্ত, যাতে উৎসবের সময়ে বাংলাকে প্লাবিত করা যায়।” পুজোর আনন্দ থেকে লক্ষ্মীপুজো, কালীপূজার আগে কোটি কোটি মানুষকে যন্ত্রণায় ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় লেখেন, “এটা লজ্জাজনক, অসহনীয় এবং কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ জানাচ্ছি।”
মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে ডিভিসি-র বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্য সরকারকে কিছু না জানিয়েই ইচ্ছাকৃতভাবে এই ম্যান মেড বন্যা পরিস্থিতির সৃষ্টি করা হলো।
অভিষেক এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন। তিনি বলেন, “যেহেতু সামনে নির্বাচন, তাই ওরা বারবার এমনটা করছে। দুর্গাপূজার সময়েও রেহাই দিল না। মানুষের জীবনকে বিপদের মধ্যে ফেলল। ওদের লক্ষ্য একটাই— বাংলাকে বঞ্চিত করা, বাংলাকে ডুবিয়ে দেওয়া।”
ভবিষ্যতে আরও জল ছাড়ার হুমকি, উদ্বিগ্ন রাজ্য প্রশাসন
জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মাইথন থেকে ৪২,৫০০ কিউসেক, পাঞ্চেত থেকে ২৭,৫০০ কিউসেক এবং দুর্গাপুর ব্যারাজ থেকে ৫৯,০৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে। সব মিলিয়ে ডিভিসি প্রায় ১,৫০,০০০ কিউসেকেরও বেশি জল ছেড়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার।
এই পরিস্থিতিতে জল ছাড়ার পরিমাণ যাতে আর বাড়ানো না হয়, ডিভিসি-কে চিঠি লিখে সেই আবেদন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার। তবে ডিভিসি পাল্টা চিঠি লিখে জানিয়েছে, বিহার এবং ঝাড়খণ্ডের বৃষ্টির পরিমাণ বাড়ায় ভবিষ্যতে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হতে পারে। ফলে রাজ্যে বন্যা অবশ্যাম্ভবী বলেই আশঙ্কা করা হচ্ছে।
ওডিশার কাছে অবস্থান করা নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা থাকায় ডিভিসি-র এই সিদ্ধান্তে উদ্বিগ্ন ওয়াকিবহাল মহল।
বিজেপিকে অভিষেকের হুঁশিয়ারি
ডিভিসি-র এই পদক্ষেপের জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে তীব্র হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটাই বিজেপির স্বভাব। বিসর্জন অবশ্যই হবে, তবে সেটা বাংলা বা বাংলার মানুষের নয়। বিসর্জন হবে এই জমিদার আর বিজেপির। ২০২৪ সালে যা ঘটেছিল, ২০২৬ সালে বাকি হিসেবও চুকিয়ে দেওয়া হবে।”