২১৫ বল বাকি থাকতেই জয়! বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় বৃহত্তম নজির, ধোনি-কোহলিদের দেশে কী ঘটতে চলেছে?

আইসিসি উইমেনস বিশ্বকাপের সূচনাতেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দেখাল তাদের দাপট। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুক্রবার রাউন্ড রবিন পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ১০ উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত করেছে ইংলিশ ব্রিগেড। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে ন্যাট শিভার ব্রান্টের দল।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক। তবে, প্রোটিয়া ব্যাটাররা হতাশ করেন। ইংরেজ স্পিনারদের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ২০.৪ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

প্রোটিয়াদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর
এই স্কোরটি উইমেনস বিশ্বকাপের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫১ রানে অল আউট হয়েছিল তারা। গুয়াহাটিতে প্রোটিয়াদের হয়ে উইকেটরক্ষক সিনালো জাফটা’র ৩৬ বলে ২২ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

ম্যাচের সেরা বাঁ-হাতি স্পিনার লিনসে স্মিথ
দক্ষিণ আফ্রিকাকে ধ্বসিয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন ইংরেজ স্পিনাররা। বাঁ-হাতি স্পিনার লিনসে স্মিথ (Linsey Smith) চার ওভার হাত ঘুরিয়ে মাত্র সাত রান খরচ করে তুলে নেন তিনটি উইকেট এবং তিনিই হন ম্যাচের সেরা।

অন্য দুই স্পিনার সোফি এক্লেস্টোন এবং শার্লি ডিন পান দুটি করে উইকেট। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার প্রথম সাতটি উইকেটের পতন ঘটান স্পিনাররাই। বাকি তিনটির মধ্যে দুটি উইকেট নেন অধিনায়িকা শিভার ব্রান্ট এবং একটি উইকেট যায় লরেন বেলের ঝুলিতে।

বল বাকি থাকার নিরিখে তৃতীয় বৃহত্তম জয়
ইংল্যান্ড এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে তাদের তৃতীয় বৃহত্তম জয় (বল বাকি থাকার নিরিখে) ছিনিয়ে নিয়েছে:

প্রথম বৃহত্তম জয়: ২০১৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২৪৩ বল বাকি থাকতে জয়।

দ্বিতীয় বৃহত্তম জয়: ১৯৮২ বিশ্বকাপে কটকে ২৩১ বল বাকি থাকতে ভারতকে হারানো।

আজকের জয়: দক্ষিণ আফ্রিকাকে ২১৫ বল বাকি থাকতে হারাল ইংল্যান্ড।

সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই ইংরেজ ওপেনার ট্যামি বিউমন্ট (৩৫ বলে ২১)* এবং অ্যামি জোন্স (৫০ বলে ৪০)* কোনওরকম ঝুঁকি না নিয়ে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৭৩ রান তুলে জয় নিশ্চিত করেন। আগামী মঙ্গলবার রাউন্ড রবিন পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।