“গাজ়া যুদ্ধ থামাতে মোদীর সমর্থন!”-ট্রাম্পের পরিকল্পনাকে ‘কার্যকর পথ’, জানালেন প্রধানমন্ত্রী

গাজ়ায় চলমান সংঘাতের দ্রুত অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি প্রস্তাবকে জোরালো সমর্থন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার, এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই উদ্যোগকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য কার্যকর পন্থা’ হিসেবে স্বাগত জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “গাজ়ার যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে একটি বিস্তারিত পরিকল্পনার ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানাই। এটা প্যালেস্টাইন ও ইজ়রায়েল উভয় দেশের জনগণের জন্য তো বটেই, এমনকি বৃহত্তর পশ্চিম এশিয়াতেও দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে একটি কার্যকর পন্থা।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, মার্কিন প্রেসিডেন্টের এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে আন্তর্জাতিক মহল সমর্থন করবে এবং সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি নিশ্চিত করার এই প্রচেষ্টাকে সকলে স্বাগত জানাবে।

ট্রাম্পের প্রস্তাবে কী রয়েছে?

সোমবার হোয়াইট হাউসে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প এই ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনার প্রধান শর্তগুলি হলো:

যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি: গাজ়া সমস্ত বন্দিকে মুক্তি দিয়ে ইজ়রায়েলে ফিরিয়ে দেবে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে।

ইজ়রায়েলের অবস্থান: ইজ়রায়েল গাজ়া দখল করবে না এবং কেউ ঘরছাড়া হবে না।

অসামরিক প্রশাসন: যুদ্ধ বন্ধ হলে গাজ়া একটি শান্তিপূর্ণ অসামরিক প্রশাসন পাবে এবং ইজ়রায়েল একটি ‘সীমারেখা’ বজায় রাখবে।

পরিচালন বোর্ড: গাজ়ায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে একটি অস্থায়ী পরিচালন বোর্ড গঠনের কথা বলা হয়েছে, যা ‘বোর্ড অফ পিস’-এর অধীনে কাজ করবে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, উভয় পক্ষ এই চুক্তিতে সই করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। কিন্তু যদি হামাস এই চুক্তি প্রত্যাখ্যান করে, তবে ইজ়রায়েলকে হামলা চালাতে সাহায্য করবে আমেরিকা।

প্রসঙ্গত, ইজ়রায়েলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেও মোদী সরকার সাম্প্রতিক সময়ে ৬৫ বছরের তুলনায় দ্বিগুণ আর্থিক সাহায্য করেছে প্যালেস্তাইনকে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের শান্তি প্রস্তাবে ভারতের সমর্থন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।