Weather: নবমীতেই ফের নিম্নচাপ, পুজোর শেষ লগ্নে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জেনেনিন আপডেট

অষ্টমীর সকালে ঝলমলে রোদ দেখে দক্ষিণবঙ্গবাসীর মুখে হাসি ফুটলেও, সেই স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নবমীর দিন (১ অক্টোবর) মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবেই পুজোর একেবারে শেষ লগ্নে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নবমীর রাত থেকেই হাওয়া বদল হতে শুরু করবে। আকাশ মেঘলা হবে এবং দশমীর দিন (২ অক্টোবর) উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অষ্টমীর আবহাওয়া (৩০ সেপ্টেম্বর):
মঙ্গলবার বেলা পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আকাশ ছিল ঝলমলে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পারে। স্থানীয়ভাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
- কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
নবমীর পূর্বাভাস (১ অক্টোবর):
নবমীর সকালে আবহাওয়া ঝলমলে থাকলেও, দুপুরের পর থেকে আবহাওয়ার মতিগতি বদলাবে। রাতের দিক থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। এই দিনই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
দশমী ও একাদশী: দুর্যোগের সতর্কতা (২ ও ৩ অক্টোবর):
দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গে রয়েছে দুর্যোগের আশঙ্কা। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে।
- অতি ভারী বৃষ্টির সতর্কতা: দশমীর দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে।
- ভারী বৃষ্টির আশঙ্কা: কলকাতা-সহ সংলগ্ন একাধিক জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
- কার্নিভাল: রবিবার অনুষ্ঠিত হবে চলতি বছরের দুর্গাপুজো কার্নিভাল। এই দিনে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।