কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ’-এর তকমা পেল ভারতের প্রথম শীতল মরুর অঞ্চল! স্পিতি উপত্যকার এই স্বীকৃতির কারণ কী?

ভারত পেল এক বিরল আন্তর্জাতিক স্বীকৃতি। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার লাহুল স্পিতি জেলা তার অনন্য বাস্তুতন্ত্র, পরিবেশ, সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের জন্য ইউনেস্কোর সম্মান অর্জন করল। এই অঞ্চলকে ‘কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ’ (Cold Desert Biosphere Reserve)-এর তকমা দিয়েছে ইউনেস্কো-র ম্যান অ্যান্ড দ্যা বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রাম।
দেশের প্রথম ‘কোল্ড ডেজার্ট’-এর স্বীকৃতি
বিশ্বের দরবারে এই সম্মান ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ প্রাপ্তি। এটিই ভারতের প্রথম ‘কোল্ড ডেজার্ট’, যা ইউনেস্কোর এমএবি (MAB) স্বীকৃতি পেল। ৭ হাজার ৭৭০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শীতল অঞ্চল, বিশেষত এর জীবকুলের সংরক্ষণ, এই বিশেষ স্বীকৃতি অর্জন করে নিল। এই এলাকার সিংহভাগই স্পিতি ওয়াইল্ড লাইফ ডিভিশনের অন্তর্গত।
৩ হাজার ৩০০ মিটার থেকে ৬৬০০ মিটার উচ্চতায় সংরক্ষণ
লাহুল স্পিতি জেলার এই অঞ্চল সম্পূর্ণভাবে বরফে আবৃত এবং প্রচণ্ড শীতল। ৩ হাজার ৩০০ মিটার থেকে ৬ হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই এলাকায় ছড়িয়ে রয়েছে নানা ধরনের পশুপাখি। এই উচ্চতায় বিরল জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে স্থানীয় মানুষজন প্রজন্মের পর প্রজন্ম ধরে এক সুন্দর সহাবস্থান বজায় রেখে আসছেন, যা এই সম্মানের অন্যতম কারণ।
এই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা তাদের পরিবেশ, জলবায়ু, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সযত্নে রক্ষা করে চলেছে, যা হিমাচল প্রদেশ সরকারের বড় দায়িত্ব পালনেরই ফল।
নীল ভেড়ার মুক্তাঞ্চল
প্রসঙ্গত, এই অঞ্চলটি অন্য বহু প্রাণীর পাশাপাশি ব্লু শিপ বা নীল ভেড়া (ভরালদের) মুক্তাঞ্চল হিসাবে বিখ্যাত। যেখানে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। এই বিরল স্বীকৃতি ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণের প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।