দুবাইয়ের মাঠে ‘অপারেশন সিঁদুর’! ভারতের জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন ভারতীয় সেনাও

মহাষষ্ঠীর রাতে ক্রিকেট মাঠে আরও একবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত। দুবাইয়ের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে মেন ইন ব্লু (Team India) শুধু জয়ই ছিনিয়ে আনল না, ‘পাক বধের হ্যাটট্রিক’ সম্পূর্ণ করে এশিয়ার সেরা হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করল। তিলক ভার্মা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর সম্মিলিত দাপটে পাকিস্তানকে পর্যুদস্ত করে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের দখলে নিল ভারত।

এই ঐতিহাসিক জয়ের পর দেশজুড়ে বাঁধভাঙা আনন্দ-উল্লাস শুরু হয়েছে। বিশেষ করে, খেলার মাঠে এই বিজয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যের সঙ্গে তুলনা করে দেশপ্রেমের জোয়ারে ভাসছেন দেশবাসী।

ভারতীয় ক্রিকেটারের এই শৌর্যকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় সেনাও। একদিকে যেমন সীমান্ত রক্ষা, তেমনই খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীকে পর্যুদস্ত করার এই বিজয় সেনাবাহিনীকে আরও বেশি করে গর্বিত করেছে।

অকাল দীপাবলি: ফাইনাল ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই সারা দেশে শুরু হয় উৎসবের মেজাজ। আতশবাজির ঝলকানি আর উল্লাসের চিৎকারে যেন অকাল দীপাবলির পরিবেশ তৈরি হয় দেশের বিভিন্ন প্রান্তে।

খেলার মাঠেও যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কেবল জয়ী হতে জানে, সেটাই আবারও প্রমাণ করে দিল টিম ইন্ডিয়া। এই জয় প্রতিটি ভারতীয়র কাছেই বিশেষ তাৎপর্যপূর্ণ।