PK-এর বিরুদ্ধে বিশেষ রণনীতি বিজেপির! NDA-র ভোটব্যাঙ্ক বাঁচাতে কী করছে দল?

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর (পিকে) এবং তাঁর দল জন সুরাজ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উঠে এসেছেন। পিকে একদিকে যেমন মহাজোট, তেমনই আবার এনডিএ-র বিরুদ্ধেও লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন। তিনি বিজেপির প্রভাবশালী নেতা মঙ্গল পাণ্ডে এবং সম্রাট চৌধুরী-র পাশাপাশি নীতীশ কুমারের ঘনিষ্ঠ অশোক চৌধুরীর বিরুদ্ধেও দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছেন।
নির্বাচনী সমীক্ষাগুলিতে দেখা গেছে যে, তরুণ ভোটারদের মধ্যে পিকে-র প্রতি বিশেষ ঝোঁক তৈরি হয়েছে। পিকে নিজেও লাগাতার রাজ্যজুড়ে সফর করে জনগণের মধ্যে নিজের উপস্থিতি জোরদার করেছেন। যদিও বিজেপি এখনও পর্যন্ত তাঁর অভিযোগগুলিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে আখ্যা দিয়ে আসছে, তবে নির্বাচনের ওপর এর সম্ভাব্য প্রভাবকে দলটি গুরুত্ব দিয়েই দেখছে।
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি প্রশান্ত কিশোরকে মোকাবিলা করার জন্য একটি বিশেষ কৌশল তৈরি করেছে। সম্প্রতি অমিত শাহের বিহার সফরেও এই রণনীতি নিয়ে আলোচনা হয়েছে। বিজেপির মাস্টার প্ল্যান অনুযায়ী, দল পিকে-কে প্রকাশ্যে বা সংবাদমাধ্যমে অতিরিক্ত গুরুত্ব দেবে না। বরং, তাঁর অভিযোগগুলির নির্বাচনী প্রভাব সীমিত করার জন্য বুথ স্তরে এবং তরুণ ভোটারদের মধ্যে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে। এই লক্ষ্যে বিজেপি বিভিন্ন অঞ্চলে পথসভা ও নির্বাচনী সভার আয়োজন করতে পারে।
অন্যদিকে, বিজেপি হাই কমান্ড বুথ স্তরে নিবিড় প্রচার অভিযানের মাধ্যমে নীতীশ কুমারের ভাবমূর্তি আরও মজবুত করার নির্দেশ দিয়েছে। তারা একটি নিরপেক্ষ ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে পিকে-র প্রভাব মূল্যায়ণ করছে। প্রাথমিক তথ্য বলছে, পিকে নিঃসন্দেহে একটি ফ্যাক্টর হলেও, এনডিএ জোট তাঁর জন সুরাজকে তাদের ভোটব্যাঙ্কে বড় ধরনের ভাঙন ধরাতে দেওয়া থেকে বিরত থাকতে পারবে।