কাঁধের ওপর কাঁটা, তবু তাকিয়ে জিনিসের দিকে, শপিং মল থেকে সজারুটিকে কীভাবে উদ্ধার করল অ্যানিম্যাল কন্ট্রোল?

প্রতিদিনের মতো শপিং মলে ভিড় উপচে পড়ছিল ক্রেতাদের। মানুষজন যখন কেনাকাটায় ব্যস্ত, তখনই তাঁদের নজর গেল এক অদ্ভুত অনাহুত অতিথির ওপর। সাধারণের চেয়ে চেহারায় অনেকটাই ছোট, কিন্তু সারা গায়ে কাঁটা!

টেক্সাসের লা ফ্রন্টেরা নামে এই শপিং মলে রীতিমতো মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে উইন্ডো শপিংয়ে ব্যস্ত ছিল একটি সজারু। কাউকে কোনওরকম বিরক্ত না করে সে অবাক চোখে এদিক ওদিক ঘুরে জিনিসপত্র দেখছিল।

র্যাকুন ভেবে ভুল
প্রথমে যাঁরাই কালো রঙের এই প্রাণীটিকে দেখেছিলেন, তাঁরাই ভুল করে সেটিকে র্যাকুন ভেবেছিলেন। কিন্তু দ্রুতই তাঁদের ভুল ভাঙে। প্রাণীটির গা ভর্তি কাঁটা দেখে সকলে বুঝতে পারেন, এটি কোনও র্যাকুন নয়, বরং একটি সজারু। এর ধারেকাছে ঘেঁষার সাহসও কেউ দেখাননি।

অবশ্য, সজারুটিকে তার নিজের মতো করে উইন্ডো শপিং করতে দেয়নি শপিং মল কর্তৃপক্ষ। তারা দ্রুত অ্যানিম্যাল কন্ট্রোল অফিসে খবর পাঠায়।

উদ্ধার ও পুনর্বাসন
অ্যানিম্যাল কন্ট্রোলের আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হন। তারপর তাঁদের দক্ষতা কাজে লাগিয়ে সজারুটিকে পাকড়াও করে খাঁচায় পুরে ফেলেন।

তবে স্বস্তির খবর হলো, সজারুটিকে খাঁচায় বন্দি করে রাখা হয়নি। শপিং মল থেকে নিয়ে যাওয়ার পর আধিকারিকরা সেটিকে তার পরিচিত প্রকৃতির বুকে ছেড়ে দেন।

কিন্তু শহরের মধ্যে ওই শপিং মলে প্রাণীটি কীভাবে পৌঁছে গেল, তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনা শপিং মলের ক্রেতাদের কাছে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়ে রইল।