কলকাতা নয়, ড্রোন নজরদারিতে বনগাঁ, পুজো দেখতে যাওয়ার আগে জানুন গাইড ম্যাপের খুঁটিনাটি ও ট্র্যাফিক রুল

রাজ্যজুড়ে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। এই আবহে পুজো মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুবিধার জন্য আজ আনুষ্ঠানিকভাবে বনগাঁর দুর্গাপূজোর গাইড ম্যাপ প্রকাশ করা হলো।

শুক্রবার বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে জেলা পুলিশের কনফারেন্স হলে এই গাইড ম্যাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যাপটি প্রকাশ করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।

পঞ্চমী থেকে ‘নো এন্ট্রি’: কখন থেকে শুরু?
পুজো গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণের জন্য একগুচ্ছ কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছে বনগাঁ পুলিশ।

নো এন্ট্রি শুরু: পঞ্চমী অর্থাৎ উৎসব শুরুর দিন থেকেই কার্যকর হবে ট্র্যাফিক নিয়ন্ত্রণ।

সময়সীমা: প্রতিদিন বিকেল ৪টে থেকে রাতে যতক্ষণ ভিড় থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রধান সড়কগুলিতে ‘নো এন্ট্রি’ চালু থাকবে।

ড্রপগেট: শহরের বিভিন্ন পয়েন্টে মোট ৩৭টি ড্রপগেট তৈরি করা হবে।

পুলিশ সুপার জানান, ভিড় সামাল দিতে যথাযথ পুলিশিং ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি, ভিড়ের উপর নজরদারির জন্য ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্তারা।