‘ছাত্ররা যা করেছে ভারত তা পছন্দ করেনি’! হাসিনা ইস্যুতে কেন চরম উত্তেজনা? ইউনূসের বক্তব্যে তোলপাড় দুই দেশ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) জমানায় ভারতের সঙ্গে যে ঢাকার সম্পর্কের অবনতি হয়েছে, তা এখন ওপেন সিক্রেট। এবার স্বয়ং ইউনূস নিজেই আন্তর্জাতিক মঞ্চে সেই সম্পর্কের টানাপোড়েন স্বীকার করে নিলেন। নিউইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ‘আশ্রয়’ দেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে চরম মন্তব্য করেছেন।
এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত একটি অনুষ্ঠানে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি ভারতের প্রসঙ্গ টেনে আনেন।
প্রথম আলো সূত্রে খবর, আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গে বলতে গিয়েই ইউনূস সরাসরি স্বীকার করেন যে বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা চলছে। তিনি বলেন, “এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে। কারণ, ছাত্ররা যেটা করেছে, সেটা তারা (ভারত) পছন্দ করেনি।”
এর পরেই তিনি সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেন যে, ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ইউনূসের দাবি, এই হাসিনাই “সব সমস্যা তৈরি করেছেন, তরুণদের হত্যা করেছেন”। তাঁর মতে, “এটাই ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।”
ইউনূস আরও অভিযোগ করেন যে, অপর পক্ষ অর্থাৎ ভারত থেকে নাকি ভুয়ো খবর আসছে। তিনি বলেন, ভারত থেকে এমনটাও বলা হচ্ছে যে বাংলাদেশে চলমান আন্দোলন আসলে ইসলামপন্থীদের বা ‘তালিবান’-দের আন্দোলন।
ইউনূস রসিকতার সুরে বলেন, ‘তারা এমনটাও বলেছে, আমিও একজন তালিবান। আমার দাড়ি নেই, তা মাত্রই বাড়িতে রেখে এসেছি।’ যদিও পর্যবেক্ষকদের মতে, ভারত বা ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের আন্দোলন নিয়ে কোনওরকম নাক গলায়নি। বরং তারা বারবার হিংসা থামিয়ে শান্তি ও স্থিতিশীলতার বার্তা দিয়েছে। ইউনূস যে ‘তালিবান’ মন্তব্যের উল্লেখ করেছেন, ভারতীয় কর্তৃপক্ষ বা দায়িত্বশীল মহল থেকে এমন কোনো মন্তব্য করা হয়নি বলেই মনে করা হচ্ছে।
ইউনূস আরও দাবি করেন যে সার্ক (SAARC)-এর পুরো ধারণাই বাংলাদেশে তৈরি হয়েছিল। তিনি সার্ককে এমন একটি পরিবারের মতো বর্ণনা করেন, যার মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত করা।