দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী, ‘একাত্ম মানবতাবাদ’ আদর্শই আত্মনির্ভর ভারত নির্মাণের দিশা, বললেন সুকান্ত মজুমদার

ভারতীয় জনতা পার্টির (BJP) অন্যতম প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট চিন্তাবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক্স (X) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বার্তায় সুকান্ত মজুমদার দীনদয়াল উপাধ্যায়কে স্মরণ করেন এবং তাঁর জীবন ও দর্শনকে দলীয় কর্মীদের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

উপাধ্যায়কে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের
দীনদয়াল উপাধ্যায়কে ‘মহান নেতা’ ও ‘পথপ্রদর্শক’ হিসেবে উল্লেখ করে সুকান্ত মজুমদার তাঁর বার্তায় লেখেন, “আমাদের পথপ্রদর্শক, ভারতীয় জনসংঘ ও ভারতীয় জনতা পার্টির মহান নেতা পণ্ডিত শ্রী দীনদয়াল উপাধ্যায়জীর জন্মবার্ষিকীতে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম।”

সুকান্তবাবু উপাধ্যায়ের দর্শনকে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “তিনি ছিলেন এক অনন্য চিন্তাবিদ, দার্শনিক ও সমাজসেবক, যিনি ভারতীয় রাজনীতিতে ‘একাত্ম মানবতাবাদ’-এর মহান দর্শন উপহার দিয়েছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও নিরলস সমাজসেবামূলক জীবন আজও আমাদের জন্য পথপ্রদর্শক।”

‘অন্ত্যোদয়’ই উন্নয়নের মূলমন্ত্র
সুকান্ত মজুমদার উল্লেখ করেন যে, সমাজের শেষ মানুষটিকেও উন্নয়নের মূল স্রোতে যুক্ত করার আদর্শেই দীনদয়াল উপাধ্যায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।

তিনি বলেন, “‘সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য এবং সমাজের সর্বশেষ মানুষটিকেও উন্নয়নের মূলধারায় যুক্ত করা’- এই আদর্শকে সামনে রেখেই তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আজকের দিনে তাঁর স্মৃতি আমাদের অনুপ্রেরণা জোগায়, আর তাঁর আদর্শ আত্মনির্ভর ভারত নির্মাণের পথে আমাদের আলোকবর্তিকা হয়ে আছে।”