“বাড়ি ঢোকার মুখে মহিলার রাস্তা আটকালো….?”-সব ধরা পড়ল CCTV ক্যামেরায়

বীরভূমের সিউড়িতে পুজোর মুখে ঘটে গেল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের সুভাষপল্লি এলাকায় এক মহিলাকে তাঁর বাড়ির সামনেই রাস্তা আটকে ছিনতাইয়ের শিকার হতে হয়। পুরো ঘটনাটি ধরা পড়েছে বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায়।
স্থানীয় বাসিন্দা প্রভাতী বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলেন। বাড়ির রাস্তায় ঢোকার ঠিক মুখেই একটি মোটরবাইকে চড়ে এক যুবক তাঁর পথ আটকে দাঁড়ায়। চোখের পলকে সে প্রভাতী দেবীর গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়। আকস্মিক এই ঘটনায় দিশেহারা হয়ে যান ওই মহিলা। পরে তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। কয়েকজন যুবক ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাকে ধরা সম্ভব হয়নি।
ছিনতাইয়ের এই ঘটনা ধরা পড়েছে প্রভাতী দেবীর বাড়ির সিসিটিভি ক্যামেরায়। ঘটনার পর তিনি সিউড়ি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করছে এবং তদন্ত শুরু করেছে।
সামনেই দুর্গাপূজা। এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পুজো দেখতে আসেন, আবার অনেকেই নিজেদের বাড়ি ছেড়ে বাইরে ঘুরতে যান। এই পরিস্থিতিতে বসতি এলাকায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। পুজোর সময় পুলিশি নিরাপত্তা আদৌ পর্যাপ্ত কিনা, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা।