বোনাসে বৈষম্য! টাকার অঙ্ক অর্ধেক হওয়ায় উত্তাল আরজি কর, কাজ বন্ধ রেখে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

পুজোর মুখে বোনাস সংক্রান্ত বিবাদের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (R. G. Kar Medical College and Hospital)। এবার অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা তাঁদের ন্যায্য বোনাসের দাবিতে কাজ বন্ধ রেখে লাগাতার বিক্ষোভ শুরু করেছেন। এর ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের।

বিক্ষোভকারী কর্মীদের মূল অভিযোগ, তাঁরা যে সংস্থার অধীনে কাজ করেন, সেই সংস্থা সহযোগিতা করছে না এবং ব্যবহারও খারাপ করছে। শুধু তাই নয়, পুজোর সময়ও কর্মীদের ন্যায্য বোনাস দেওয়া হচ্ছে না।

জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ২৭০ জন অস্থায়ী কর্মী রয়েছেন। গত বছর (২০২৪) পুজোর সময় তাঁরা প্রত্যেকে ৯,৫০০ টাকা করে বোনাস পেয়েছিলেন। কিন্তু এই বছর (২০২৫) বুধবার রাতে যে বোনাস দেওয়া হয়েছে, তার পরিমাণ গত বছরের অর্ধেকেরও কম।

কর্মীদের অভিযোগ, বোনাসের টাকা সবার মধ্যে সমানভাবে ভাগ করা হয়নি। কেউ পেয়েছেন তিন হাজার, কেউ চার হাজার, আবার কেউবা পাঁচ হাজার টাকা। এমনকি, অনেকে এখনও বোনাসের টাকাই পাননি। এই বৈষম্যের বিরুদ্ধেই তাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন।

অস্থায়ী এক কর্মী ক্ষোভ উগড়ে বলেন, “আমরা অস্থায়ী কর্মী। রাতের বেলা আমাদের অ্যাকাউন্টে বোনাস ঢুকছে। কারও চার হাজার, কারও তিন হাজার। কারও আবার বোনাস ঢোকেইনি। আমাদের মাইনে বছরে মাত্র ১০০ টাকা বাড়ে। আমরা কোনও পিএফ বা ইএসআই স্লিপ পাই না, কথায় কথায় হুঁশিয়ারি দেওয়া হয়।”

যদিও বিক্ষোভকারীরা দাবি করেছেন যে তাঁরা এখনও কর্মবিরতি শুরু করেননি, তবে তাঁদের দাবি না মানা হলে আগামীকাল থেকে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।