পুজোর সূচনায় সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ মমতার! ‘অকালপ্রয়াত’-এর অভাব কতটা? মুখ্যমন্ত্রীকে কী বলতেন প্রয়াত মন্ত্রী?

আর দু’দিন পরই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। উৎসবের সূচনাতেই বালিগঞ্জের বিখ্যাত একডালিয়া এভারগ্রিন-এর পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোটি প্রয়াত মন্ত্রী ও তৃণমূলের দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। আর সেই প্রিয় ‘সুব্রতদা’-কে স্মরণ করে উদ্বোধনের মঞ্চে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী।
পুজোর মঞ্চে সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী দেবীকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সুব্রত দা-র কথা খুব মনে পড়ে আমার। তাঁর একটা ছবি আছে আমার কাছে। সেটা দেখলেই আমার চোখে জল আসে।” সুব্রত মুখোপাধ্যায়কে ‘অকালপ্রয়াত’ উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “এটা হওয়ার কথা ছিল না।”
মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণা করে বলেন, সুব্রত মুখোপাধ্যায় সবসময় চাইতেন তাঁর পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীই করুন। তিনি বলেন, “সুব্রতদা পুজোর সাতদিন আগে থেকে আমাকে বলতেন, কবে ডেট দিবি? আমি বলতাম, অনেক পুজো আছে, ঠিক চলে যাব।” মুখ্যমন্ত্রীর কথায় বারবারই উঠে আসে প্রয়াত এই নেতার অভাববোধের প্রসঙ্গ।
একডালিয়ার সাবেকি ঘরানার এই পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার-সহ অন্যান্য পুজো উদ্যোক্তারা।
বুধবারের পর আজ, বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার একাধিক দুর্গাপূজো মণ্ডপ উদ্বোধনের কথা রয়েছে। দুপুরে তিনি প্রথমে বাড়ি থেকে জেলার পুজো মণ্ডপগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন। এরপর বিকেলে তাঁর যাওয়ার কথা মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নিউ আলিপুরের সুরুচি সংঘে। সেখান থেকে তিনি যাবেন আলিপুর বডিগার্ড পুলিশ লাইনে, যেখানে এ বছর দিঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। এছাড়া, আরও কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।