মায়ের মাথায় কুড়ালের কোপ! তারপর নিজের অটোতেও আগুন, ছেলে যা কাণ্ড করল, শুনলে শিউরে উঠবেন!

মায়ের সঙ্গে ছেলে এমন কাণ্ড ঘটাতে পারে, তা শুনে স্তম্ভিত নদিয়ার তেহট্টের বেতাই দক্ষিণ জিতপুর গ্রাম। গভীর রাতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অভিযুক্ত ছেলের নাম ফেলা দাস, যিনি পেশায় একজন অটোচালক।

অভিযোগ, গভীর রাতে ফেলা দাস ঘরে শুয়ে থাকা তাঁর মা অর্চনা দাসের মাথায় ধারালো কুড়াল দিয়ে আচমকা কোপ মারেন। গুরুতর জখম অবস্থায় মেঝেতে কাতরাতে থাকেন মা। শুধু মাকেই নয়, এরপর অভিযুক্ত বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা নিজের অটোতেও আগুন ধরিয়ে দেন!

প্রথমে ধোঁয়া এবং আগুনের গন্ধ পেয়ে ফেলার বাবার ঘুম ভেঙে যায়। তিনি দ্রুত গিয়ে আগুন নেভানোর পর ঘরে ঢুকতেই দেখেন, তাঁর স্ত্রী অর্চনা দাস গুরুতর জখম অবস্থায় কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন।

এই ভয়ঙ্কর ঘটনার পর অভিযুক্ত ফেলা দাস টহলরত পুলিশ কর্মীর কাছে গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন। কেন হঠাৎ এমন কাজ করলেন অভিযুক্ত? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যের সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরাও দাবি করেছেন, মানসিক অস্থিরতার কারণেই এই ঘটনা ঘটিয়েছে সে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।