রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি, মহার্ঘ ভাতা পৌঁছল ৩৬ শতাংশে! পুজোর আগেই বড় ঘোষণা

রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি, মহার্ঘ ভাতা পৌঁছল ৩৬ শতাংশে! পুজোর আগেই বড় ঘোষণা

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার রায়দান যখন এখনও বাকি, ঠিক তখনই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট সুখবর দিল ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকার কর্মীদের জন্য ৩% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে এই বার্তা দিয়ে বলেন, তাঁর ২৯ মাসের কার্যকালে তিনি সরকারি কর্মীদের ২৯ শতাংশ ডিএ দিয়েছেন। তাঁর সরকারের লক্ষ্য হলো, রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক কমিয়ে আনা। সেই লক্ষ্যেই এবার ডিএ বৃদ্ধি করা হলো।

নতুন এই ৩% ডিএ বৃদ্ধি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ১,০০,০০০ কর্মচারী এবং ৮৪,০০০ পেনশনভোগী উপকৃত হবেন।

মানিক সাহা আরও বলেন, “আমাদের সরকার জনগণের সরকার। ২০১৮ সালে ক্ষমতায় আসার পর আমরা বেতন ও পেনশন পর্যালোচনার জন্য কমিটি গঠন করি এবং ১ অক্টোবর, ২০১৮ থেকে সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করি।”

বর্তমানে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা ৩৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা এবার ৩% বৃদ্ধি পেয়ে ৩৬ শতাংশে পৌঁছল। মুখ্যমন্ত্রী জানান, ডিএ এবং ডিআর (Dearness Relief) বৃদ্ধির ফলে রাজ্যের কোষাগারে ২৫ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে।

অন্যদিকে, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ হারে ডিএ পান। বিশেষজ্ঞদের মতে, দীপাবলির আগেই তা আরও ৩-৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮-৫৯ শতাংশে পৌঁছতে পারে। ত্রিপুরার ডিএ বাড়লেও, এখনও কেন্দ্রীয় এবং রাজ্য কর্মচারীদের মধ্যে ডিএ-র পার্থক্য ১৯ শতাংশ রয়েছে।