পাকিস্তানকে নয়, এবার মহাকাশে নতুন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি ভারতের! কেন তৈরি হচ্ছে ‘বডিগার্ড স্যাটেলাইট’

পাকিস্তান সীমান্তে উত্তেজনা সামলানোর পর এবার ভারত তাদের সামরিক লড়াইয়ের ময়দান বদল করে মহাকাশে নতুন শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি নিতে শুরু করেছে। ২০২৪ সালে ঘটে যাওয়া এক ঘটনায় কেন্দ্রীয় সরকার মহাকাশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে। জানা গিয়েছে, এক প্রতিবেশী দেশের একটি কৃত্রিম উপগ্রহ ভারতের একটি স্যাটেলাইটের এক কিলোমিটারেরও কম দূরত্বে চলে এসেছিল, যা মারাত্মক বিপদের ইঙ্গিত বহন করে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ভারত সরকার মহাকাশ সুরক্ষার জন্য নতুন ও বিশাল উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তৈরি হচ্ছে ‘বডিগার্ড স্যাটেলাইট’
মহাকাশে ভারতীয় উপগ্রহগুলিকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্য নিয়ে বিশেষ ‘বডিগার্ড স্যাটেলাইট’ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই স্যাটেলাইটগুলি মহাকাশে ভারতীয় উপগ্রহগুলিকে নিরাপত্তা দেবে এবং শত্রুপক্ষের অস্বাভাবিক গতিবিধি চিহ্নিত করবে। বর্তমানে চিনের হাতে প্রায় ৯৩০টিরও বেশি স্যাটেলাইট রয়েছে, সেখানে ভারতের সংখ্যা মাত্র ১২০-এর কাছাকাছি, যা কেন্দ্রীয় সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

২৭ হাজার কোটি টাকা বরাদ্দ, প্রযুক্তি LiDAR
এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় ২৭ হাজার কোটি টাকা বা আনুমানিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। এই বরাদ্দ অর্থে ৫০টি নতুন নজরদারি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রযুক্তিগতভাবে এই নতুন উদ্যোগে ব্যবহার করা হবে LiDAR (Light Detection and Ranging) প্রযুক্তি। এর মাধ্যমে মহাকাশে অস্বাভাবিক গতিবিধি দ্রুত শনাক্ত করা যাবে এবং পৃথিবী থেকে সরাসরি নির্দেশ পাঠিয়ে শত্রুর গতিবিধি প্রয়োজন হলে প্রতিহত করার ক্ষমতা থাকবে ভারতের হাতে।

পাকিস্তানের সঙ্গে সংঘাতে চিনের সাহায্য?
গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যে, গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে স্যাটেলাইট কভারেজে সাহায্য করেছিল চিন। এর পরিপ্রেক্ষিতে মহাকাশে নজরদারি বাড়ানোকে অত্যন্ত জরুরি পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্র।

ইসরোর প্রাক্তন ডিরেক্টর (ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম) সুধীর কুমার এন জানিয়েছেন, “সারাদিন এই ধরনের বিষয় ট্র্যাক করার ক্ষমতা এখনই আমাদের নেই। তবে ইতিমধ্যেই বেশ কিছু স্টার্টআপ এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে।” দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা রক্ষায়, এবার ভারতের নিরাপত্তা বলয় সীমান্ত ছাড়িয়ে আকাশ ও মহাকাশেও ছড়িয়ে পড়ছে।