কলকাতা মেট্রো যাত্রীদের বাম্পার সুখবর! স্মার্ট কার্ডের দাম কমল, এবার কত টাকা সস্তা হচ্ছে আপনার কার্ড

দুর্গাপূজা ও উৎসবের মরশুমের আগেই কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বড় স্বস্তি। এবার সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড (Kolkata Metro Smart Card)। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ২৫ সেপ্টেম্বর থেকেই যাত্রীরা এই সুবিধা পাবেন। এই সিদ্ধান্তে প্রতিদিন প্রায় ৫ লক্ষ শহরবাসীর টিকিট কাটার নিয়মে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
কত টাকা কমছে স্মার্ট কার্ডের দাম?
মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, স্মার্ট কার্ডের দাম ও সিকিউরিটি ডিপোজিটে পরিবর্তন আনা হয়েছে:
ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট: এখন ৮০ টাকা থেকে কমিয়ে করা হচ্ছে ৫০ টাকা।
সর্বনিম্ন ইস্যু মূল্য: কার্ডের প্রথম ইস্যু মূল্য ১৫০ টাকা থেকে কমিয়ে করা হচ্ছে ১০০ টাকা।
অর্থাৎ, এখন থেকে মাত্র ১০০ টাকায় নতুন স্মার্ট কার্ড পাওয়া যাবে, যার মধ্যে ৫০ টাকা জমা (ডিপোজিট) এবং ৫২ টাকা রাইড ভ্যালু হিসেবে যুক্ত থাকবে। (উল্লেখ্য, রাইড ভ্যালুর ওপর ৫ শতাংশ বোনাস অব্যাহত থাকবে।)
সবচেয়ে বড় সুবিধা: বেড়ে গেল কার্ডের মেয়াদ
যাত্রীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো এই নতুন কার্ডের মেয়াদ।
নতুন ইস্যু করা স্মার্ট কার্ডগুলি এবার থেকে ১০ বছর পর্যন্ত বৈধ থাকবে।
অন্যদিকে, বর্তমানে বৈধ কার্ডগুলিকেও রিচার্জের পর ১০ বছরের মেয়াদে বাড়ানো হবে।
স্মার্ট কার্ডের মেয়াদ এখন থেকে কার্ড ইস্যুর তারিখের বদলে AFC (অটোমেটিক ফেয়ার কালেকশন) বা PC (প্যাসেঞ্জার কন্ট্রোল) গেটে প্রথম সোয়াইপ থেকে গণনা করা শুরু হবে। এই দীর্ঘমেয়াদি সুবিধা রোজকার অফিসগামী এবং মাঝেমধ্যে আসা দর্শনার্থী— উভয়কেই স্বস্তি দেবে।
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের কাছে বুকিং কাউন্টারে ভিড় এড়াতে স্মার্ট কার্ড ব্যবহারের আহ্বান জানিয়েছে। এই কার্ড বুকিং কাউন্টার, ASCRM মেশিনে অথবা ‘Aamar Metro কলকাতা’ অ্যাপের মাধ্যমে অনলাইনে কেনা ও রিচার্জ করা যাবে। দীর্ঘমেয়াদি ব্যবহারকারীরা কার্ড ধরে রাখতে পারেন, অন্যদিকে স্বল্পমেয়াদী দর্শনার্থীরা ভ্রমণ শেষে জমার টাকা (৫০ টাকা) ফেরতের দাবি করতে পারবেন।