‘সব ভুল তথ্য’, ব্রহ্মাস্ত্র সিনেমার আসল বাজেট নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর

রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ও অয়ন মুখার্জি পরিচালিত ভারতের সুপারহিরো ফ্যান্টাসি ঘরানার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ প্রথম সপ্তাহে বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছে। সিনেমাটি বক্স অফিসে প্রথম সপ্তাহে সর্বোচ্চ রেকর্ড করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সপ্তাহের শুরুতেও বক্স অফিস দখলে রেখেছে।
‘ব্রহ্মাস্ত্র’ রণবীর কাপুর ও আলিয়া ভাটের দ্বিতীয় ছবি। ২০০ কোটি ক্লাব এবং মহামারি-পরবর্তী পরিস্থিতিতে বক্স অফিসে এই রেকর্ড প্রমাণ করেছে যে সিনেমাটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শকের কাছে।
ব্রহ্মাস্ত্র নিয়ে কঙ্গনা নিজের ইনস্টা স্টরিতে লিখেছিলেন, ২৪৬ কোটি আয় করার পর ৬৫০ কোটির বাজেটের এই ছবিকে কীভাবে হিট বলা যায়? একাধিক সূত্র বলছে ব্রহ্মাস্ত্রর বাজেট ৪১০ কোটি মতো। এখনও পর্যন্ত গোটা বিশ্বে ছবিটা আয় করেছে ৩৫০ কোটি মতো। আর ভারতে ২০০ কোটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ‘কদিন ধরে আমরা দেখছি মানুষ খুব ব্রহ্মাস্ত্র-র বাজেট নিয়ে আলোচনা করছে। বলছে এই বাজেট ছিল, এই আয় হয়েছে। কিন্তু ব্রহ্মাস্ত্র ইউনিক। কারণ এখানে বাজেট শুধুমাত্র একটা ছবির জন্য নয়, বরং গোটা ট্রিলজিটার জন্যই।’ রণবীর বলেন, ‘আমরা এই ছবির জন্য যে অ্যাসেট তৈরি করেছি, যেমন ফায়ার ভিএফএক্স বা অন্যান্য় সুপার পাওয়ারস, ওগুলো তিনটে ছবিতেই ব্যবহার করা সম্ভব হবে। সুতরাং যে সংখ্যাটা বাজেট হিসেবে ভেসে বেড়াচ্ছে তা ঠিক নয়, তা ১০০ টাকা হোক বা ২০০ টাকা। এই ছবির অর্থাবস্থা কখনই বলিউডে তৈরি হওয়া অন্য ছবির মতো নয়। এখন আমরা খুব সহজেই পার্ট ২ আর পার্ট ৩ বানাতে পারব। কারণ অয়ন পার্ট ১ থেকে শিখে নিয়েছে এই ধরনের ছবি কীভাবে বানাতে হয়।’