দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু! পুজোর আগে এমন মর্মান্তিক খবরে শোকের ছায়া, গাড়িতে আটকে থেকে দগ্ধ হয়ে মৃত্যু

উত্তরপ্রদেশের আলিগড়ে মঙ্গলবার সকালে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সদস্য জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। গোপী ফ্লাইওভারের কাছে জাতীয় সড়কে একটি দ্রুতগামী গাড়ি এবং ক‍্যান্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পর গাড়িটিতে আগুন ধরে যায়।

অক‍রাবাদ থানা এলাকার এই ঘটনায় গাড়িটির টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় এবং সরাসরি বিপরীত দিক থেকে আসা ক‍্যান্টারের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় গাড়ির জ্বালানি ট্যাঙ্ক ফেটে যায় এবং নিমেষে আগুন ধরে যায়। আগুনের শিখা এতটাই তীব্র ছিল যে গাড়ির যাত্রীরা বাইরে বেরোনোর কোনো সুযোগ পাননি। নিহতদের মধ্যে শিশু ও নারীও ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত শিশুদের বয়স পাঁচ এবং আট বছর। এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে আলিগড়ের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং দমকলের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ দ্রুত ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে যানজট এড়িয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ জানতে একটি বিশদ তদন্ত শুরু করা হয়েছে।