থানার CCTV ফুটেজে নজরদারি, AI নির্ভর কন্ট্রোল রুম তৈরির পরামর্শ সুপ্রিম কোর্টের

দেশের সমস্ত থানায় সিসিটিভি ফুটেজে নজরদারির জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম তৈরির পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই কন্ট্রোল রুমে মানুষের হস্তক্ষেপ ছাড়াই একটি স্বাধীন সংস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করবে। আদালত মনে করছে, এই ধরনের ব্যবস্থা প্রযুক্তি নির্ভরতা বাড়াবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। শীর্ষ আদালতের এই কঠোর পদক্ষেপের কারণ হল রাজস্থানে গত আট মাসে পুলিশ হেফাজতে ১১ জনের মৃত্যু। পুলিশ এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দিতে গড়িমসি করে ‘ক্যামেরা খারাপ’ বা ‘মেমরি ফুল’-এর মতো অজুহাত দেখিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ৪ সেপ্টেম্বর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট।
আদালতের পর্যবেক্ষণ, “আজ কর্তব্যরত অফিসাররা নির্দেশ মানছেন। কিন্তু ভবিষ্যতে যদি কেউ ক্যামেরা বন্ধ করে দেয়, তখন কী হবে? আমাদের বিকল্প ভাবতে হবে।” এই ধরনের কন্ট্রোল রুম তৈরির জন্য দেশের আইআইটি (IIT) গুলির সাহায্য নেওয়ার কথাও ভাবছে সুপ্রিম কোর্ট। ২০২০ সালে শীর্ষ আদালত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত থানা এবং সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু এদিন শুনানিতে আইনজীবী দুষ্যন্ত দাভে জানান, অনেক রাজ্য এখনও সেই নির্দেশ পুরোপুরি পালন করেনি।