ঘাটালে এবার বিষ্ণুপুরের টেরাকোটার চমক, ২৭ লক্ষ টাকা বাজেটের থিমে মুগ্ধ করবে দাসপুরের এই পুজো

ঘাটাল মানেই জমজমাট থিমের পুজো। এবার সেই তালিকায় নতুন চমক নিয়ে আসছে দাসপুরের পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব। তাদের প্রাক রজত জয়ন্তী বর্ষে, অর্থাৎ ২৪ বছরে পদার্পণ উপলক্ষে তারা বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে। বন্যায় নানা প্রতিকূলতা থাকলেও, এখন পুজো কমিটির সদস্যরা খুশি, কারণ শেষ মুহূর্তের কাজ প্রায় শেষের পথে।
বিষ্ণুপুরের টেরাকোটা দাসপুরে
পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের এবারের থিম বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে বসে এবার দর্শনার্থীরা বিষ্ণুপুরের টেরাকোটার কাজ দেখতে পাবেন। শিল্পীরা তাদের হাতের জাদুতে মাটি দিয়ে টেরাকোটার কাজ ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ, এখন শুধু বাকি লাস্ট মিনিটের ফিনিশিং টাচ।
২৬-২৭ লক্ষ টাকার বাজেট
পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের এবারের পুজোর বাজেট প্রায় ২৬-২৭ লক্ষ টাকা। পুজো কমিটি আশা করছে, এই থিম দর্শকদের মন জয় করবে এবং মণ্ডপে উপচে পড়া ভিড় হবে। দেবীপক্ষ শুরু হয়ে যাওয়ায় এখন থেকেই অনেকে মণ্ডপে ভিড় করছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি দেখছেন। মাটির প্রতিমা তৈরির কাজও প্রায় শেষের পথে, এখন শুধু অপেক্ষা মৃন্ময়ীকে চিন্ময়ীতে আবাহনের।