মানব পাচার চক্রে এনআইএ-এর বড়সড়ো সাফল্য, বনগাঁ থেকে গ্রেফতার দুই, যোগ বাংলাদেশের সঙ্গে

মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে দু’জনকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। ধৃতদের নাম অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলি শেখ। এই চক্রের জাল শুধু এপার বাংলাতেই নয়, বাংলাদেশের সঙ্গেও তাদের সরাসরি আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে এনআইএ।
ঠিক কী ঘটেছিল?
কয়েক মাস আগে ওড়িশা পুলিশ ভুবনেশ্বরে এক নাবালিকাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই নাবালিকাকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে আনা হয়। এরপর কলকাতা হয়ে তাকে কটকে পাঠানো হয়েছিল। ঘটনার তদন্তে নেমে মানব পাচার চক্রের যোগসাজশ খুঁজে পায় এনআইএ। তদন্ত চলাকালীন এক বাংলাদেশি দম্পতির নাম উঠে আসে। তাদের সূত্র ধরেই বনগাঁর বাসিন্দা অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলি শেখের সন্ধান পাওয়া যায়।
আর্থিক লেনদেন ও পাচার চক্রের কৌশল
এনআইএ সূত্রের খবর, আমির আলি শেখ বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে যুক্ত। তার এবং অমল কৃষ্ণ মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। এনআইএ দাবি করছে, ধৃতরা বাংলাদেশের অনলাইন অ্যাপের মাধ্যমে সেদেশে লুকিয়ে থাকা পাচারকারীদের কাছে টাকা পাঠাত।
তদন্তে জানা যায়, বাংলাদেশ থেকে যুবতীদের সীমান্ত পার করিয়ে আনার পর অমল কৃষ্ণ মণ্ডল তাদের আশ্রয় দিত। এরপর তাদের বিভিন্ন জায়গায় পাচার করা হতো। এই পাচারের মাধ্যমে যে টাকা আসত, তা আমির ও অমল দুজনে মিলে অনলাইনে বাংলাদেশের পাচারকারীদের কাছে পাঠাত।
গতকাল ভুবনেশ্বর থেকে আসা এনআইএ-এর একটি দল অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। এরপর তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে এনআইএ তদন্ত চালিয়ে যাচ্ছে।