“আমার প্রাণের বন্ধু চলে গেল”-দেবের সিনেমায় গান করতেন বেশি জুবিন, শোকাচ্ছন্ন টালিউড

‘ইয়া আলি’ খ্যাত জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে গোটা সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার দুপুরে জানা যায়, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় একটি দুর্ঘটনায় ৫২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে ভারতের পাশাপাশি বাংলাদেশেও শোকের ঢেউ ছড়িয়ে পড়েছে।

২০০৬ সালে গ্যাংস্টার ছবিতে ‘ইয়া আলি’ গানটি গেয়ে তিনি দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন। এরপর তিনি অসংখ্য বাংলা ও অসমীয়া গান উপহার দিয়েছেন। টলিউডেও তাঁর অনেক জনপ্রিয় গান রয়েছে, যার মধ্যে ‘মন মানে না’, ‘চোখের জলে ভাসিয়ে দিলাম’, ‘পিয়া রে পিয়া রে’ এবং ‘বোঝে না সে বোঝে না’ উল্লেখযোগ্য। টলিউড অভিনেতা দেবের অনেক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। জুবিনের মৃত্যুতে দেব সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, “তোমায় মনে পড়বে ভাই, তোমার আত্মার শান্তি কামনা করি।”

জুবিন বাঙালি সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তাঁদের দীর্ঘ ৩০ বছরের বন্ধুত্ব ছিল। জুবিনের মৃত্যুর খবর শুনে জিৎ গাঙ্গুলী বলেন, “আমার প্রাণের বন্ধু চলে গেল। ছোটবেলা থেকেই ওকে চিনি। আমার প্রথম বাংলা ছবি ‘প্রেমী’ থেকে ও আমার সঙ্গে ছিল। আমরা কত গান, কত ছবি যে একসঙ্গে করেছি।” জিৎ জানান, গত শুক্রবারও জুবিনের সঙ্গে একটি গানের কাজ করেছেন, যা সোহম চক্রবর্তী অভিনীত একটি ছবিতে ব্যবহৃত হবে।