পেছনে ফেলল ‘পুষ্পা টু’ কেও, ২৪টি সিনেমাকে পেছনে ফেলে অস্কারে যাচ্ছে ‘হোমবাউন্ড’

অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে পরিচালক নীরজ ঘায়ওয়ানের ছবি ‘হোমবাউন্ড’। এটি ভারতীয় ছবির তালিকা থেকে ২৪টি ছবিকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছে। শুক্রবার কলকাতায় ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঈশান খাট্টার এবং জাহ্নবী কাপুর।

নীরজ ঘায়ওয়ানের দ্বিতীয় ছবি ‘হোমবাউন্ড’-এর বিশ্ব প্রিমিয়ার হয়েছিল ২১ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে, যেখানে এটি নয় মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। এরপর ছবিটি ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ডের দ্বিতীয় রানার-আপ পুরস্কার জেতে। আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে ছবিটি মুক্তি পাবে।

এবারের অস্কার মনোনয়নের জন্য জমা পড়া অন্যান্য ছবির মধ্যে ছিল ‘আই ওয়ান্ট টু টক’, ‘দ্য বেঙ্গল ফাইলস’, ‘পুষ্পা টু’, ‘হিউম্যানস ইন দ্য লুপ’ এবং ‘কেশরী টু’-এর মতো জনপ্রিয় ছবিও। তবে এবার কোনো বাংলা ছবি অস্কারের দৌড়ে জায়গা করে নিতে পারেনি।