“যে অস্ত্র ব্যবহার করেছে, তা পুলিশের কাছেই ছিল না”-নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সম্প্রতি জেন-জি আন্দোলন নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ তিনি দেননি। উল্টে তিনি প্রশ্ন তুলেছেন, যে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছিল তা পুলিশের কাছে ছিল না। কারা সেই অস্ত্র ব্যবহার করেছে, তার তদন্ত হওয়া উচিত।
শুক্রবার নেপালের সংবিধান দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওলি তাঁর পদত্যাগের পরের পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, তাঁর পদত্যাগের পর দেশে হিংসা ছড়িয়ে পড়ে। সরকারি অফিস, দলের কার্যালয়, নেতাদের বাড়ি এবং ব্যক্তিগত সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওলি বলেন, তিনি আশা করেন তরুণ প্রজন্ম এই পরিস্থিতি বিচার করবে। তিনি নিহত বিক্ষোভকারীদের প্রতি শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ওলি আরও দাবি করেছেন যে, জেন-জি আন্দোলনের আয়োজকরা নিজেরাই স্বীকার করেছেন যে আন্দোলনে বাইরের লোক ঢুকে পড়েছিল। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা সহিংসতা সৃষ্টি করে এবং আমাদের তরুণরা প্রাণ হারায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে ওলি চারবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি জনঅসন্তোষ এবং দুর্নীতির অভিযোগের মুখে জেন-জি আন্দোলন শুরু হলে তার পতন হয়। গত ৮ সেপ্টেম্বরের বিক্ষোভে পুলিশ গুলি চালালে ১৯ জন বিক্ষোভকারী নিহত হন, যার ফলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এর দুই দিন পর ওলিকে পদত্যাগ করতে হয়।