Recipe: বিকেলের মুখরোচক খাবারে রাজস্থানের কলমি বড়া, শিখেনিন বানানোর পদ্ধতি

বিকেলে চায়ের আড্ডা বা হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে তৈরি করে নিতে পারেন রাজস্থানের জনপ্রিয় জলখাবার ‘কলমি বড়া’। এটি নানা ধরনের ডাল দিয়ে তৈরি একটি মুচমুচে ও সুস্বাদু পদ। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে সহজেই এই খাবারটি বানানো যায়।

উপকরণ ও প্রণালী:

কলমি বড়া বানানোর জন্য প্রথমে ১ কাপ ছোলার ডাল, ১/৩ কাপ বিউলির ডাল, ১/৩ কাপ সবুজ মুগ ডাল এবং ১/৩ কাপ অড়হর ডাল ভালোভাবে ধুয়ে ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ডাল নরম হয়ে গেলে জল ঝরিয়ে মিক্সিতে বেটে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন পুরোপুরি মিহি না হয়ে সামান্য দানাদার থাকে।

এরপর এই বাটা ডালের সঙ্গে ১/২ চা চামচ হিং, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ বেকিং সোডা, ২ চা চামচ জোয়ান, কাঁচা লঙ্কা কুচি এবং স্বাদমতো নুন মিশিয়ে নিন। হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে হালকা চাপ দিয়ে টিক্কির আকার দিন। প্রতিটি টিক্কি যেন তিন গাঁট আঙুলের সমান চওড়া হয়।

এবার একটি কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে টিক্কিগুলো সাবধানে ভাজুন। পুরোপুরি বাদামি হওয়ার আগেই বড়াগুলি তুলে নিন। এবার অর্ধেক ভাজা বড়াগুলো অর্ধেক করে কেটে নিন এবং আবার গরম তেলে মুচমুচে ও বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এই কৌশলটি বড়াগুলিকে আরও বেশি মুচমুচে করে তোলে। গরম গরম কলমি বড়া সবুজ চাটনি দিয়ে পরিবেশন করুন।