প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে ভয়ঙ্কর পরিণতি! স্কুলছাত্রীকে কুপিয়ে খুন, ধৃত যুবক

নদিয়া জেলার তাহেরপুর থানার বীরনগর শ্যামনগর এলাকায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। গতকাল গভীর রাতে একটি বাগানের পরিত্যক্ত গোশালা থেকে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ওই ছাত্রী মামার বাড়ি যাচ্ছিল। সে সময় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই সুযোগে অভিযুক্ত যুবক তাকে মুখ চেপে ধরে বাড়ির কিছুটা দূর থেকে তুলে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পরে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। এর পরেই স্থানীয়রা তাহেরপুর থানায় খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত যুবক প্রণজিৎ মণ্ডল ওরফে শুভ-কে আটক করে।

পরিবার ও এলাকার মানুষ খোঁজাখুঁজি শুরু করলে রাত আনুমানিক ১২টার দিকে বাগানের মধ্যে একটি পরিত্যক্ত গোশালা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, প্রণজিৎকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন তার দুই হাতে রক্তের দাগ ছিল। এতেই এলাকার মানুষের সন্দেহ দৃঢ় হয়। পরিবারের আরও অভিযোগ, প্রণজিৎ মণ্ডল মাঝেমধ্যেই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। স্থানীয় পঞ্চায়েত সদস্যও জানান, ছয় মাস আগে তিনি জানতে পারেন যে প্রণজিৎ ওই ছাত্রীকে পছন্দ করত। ছাত্রীর কাছ থেকে কোনো সাড়া না পেয়েই সে এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।