ট্রাম্প-জিংপিংয়ের ফোনে দীর্ঘ কথা, বাণিজ্য চুক্তির পথে আমেরিকা-চিন?

ট্যারিফ যুদ্ধ এবং বাণিজ্যিক উত্তেজনা কিছুটা কমার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শুক্রবার ফোনে কথা হয়েছে। দুই দেশের রাষ্ট্রনেতা বাণিজ্য চুক্তি এবং টিকটক নিয়ে আলোচনা করেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

বছর শুরুর পর থেকেই আমেরিকা এবং চিনের মধ্যে এক ধরনের ট্যারিফ যুদ্ধ শুরু হয়েছিল, যেখানে উভয় দেশ একে অপরের পণ্যের উপর শুল্ক বাড়িয়েছিল। তবে সম্প্রতি দুই দেশই এই লড়াই থেকে কিছুটা পিছিয়ে এসেছে। দীর্ঘদিন ধরেই বাণিজ্য নীতি নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতার চেষ্টা চলছিল। এই আবহে ট্রাম্পের সঙ্গে জিনপিংয়ের ফোনালাপের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

টিকটক নিয়েও দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। আমেরিকার প্রশাসনের আশঙ্কা ছিল যে চিনের নিয়ম অনুযায়ী টিকটকের মূল সংস্থা বাইটডান্স চিনা সরকারকে আমেরিকার নাগরিকদের তথ্য দিতে বাধ্য হতে পারে। এই কারণেই আমেরিকায় টিকটক নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছিল। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, বাইটডান্স যদি টিকটকের আমেরিকান ব্যবসা কোনো মার্কিন সংস্থার কাছে বিক্রি করে দেয়, তাহলেই এই অ্যাপকে চলতে দেওয়া হবে।

সম্প্রতি ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ ইঙ্গিত দিয়েছিলেন যে টিকটক সমস্যার সমাধান হতে চলেছে। তিনি জানান, শুক্রবারই শি জিনপিংয়ের সঙ্গে তাঁর কথা হবে। ট্রাম্প টিকটককে সেল এগ্রিমেন্টের জন্য ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছেন। মনে করা হচ্ছে, এই সময়সীমার মধ্যে দুই দেশ এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে।