“‘প্রিয় ভাইয়ের’ মৃত্যুতে শোকস্তব্ধ”,-জুবিন গর্গকে নিয়ে শোকবার্তা মমতা-মোদীর

জনপ্রিয় অসমিয়া গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল থেকে শুরু করে শিল্পী ও অনুরাগীরা। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুবিনের এই অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র ৫২ বছর বয়সে এই প্রতিভাবান শিল্পীর চলে যাওয়া সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে জুবিনকে স্মরণ করে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লেখেন, “সুরে থেকো। তুমি আমাদের হৃদয়ে থাকবে। তোমার গান অমর হয়ে থাকবে। গান আমাদের লড়তে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। তোমার সুরের ধারা প্রবহমান থাকুক।” অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমিয়া ভাষায় শোকজ্ঞাপন করে লিখেছেন, “জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছি। সঙ্গীত ক্ষেত্রে আপনার অবিস্মরণীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার গান সকলের কাছে অতি প্রিয়।” এছাড়াও, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
অসমের ভূমিপুত্র জুবিন গর্গের মৃত্যুতে গোটা অসমজুড়ে নেমে এসেছে শোকের আবহ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই দুঃসংবাদে শোক প্রকাশ করেছেন। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জুবিনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তার প্রয়াণে অসমের সঙ্গীত জগতে এক বিরাট ক্ষতি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।