শহরের রাস্তায় ধুন্ধুমার কাণ্ড, ২ ফুচকা কম দেওয়ায় অনশনে বসলেন মহিলা!

ফুচকা নিয়ে অসন্তোষ, কম দেওয়া হয়েছে ২টি ফুচকা, এই অভিযোগে গুজরাটের ভাদোদরার সুরসাগর লেকের কাছে এক মহিলা রাস্তায় বসেই ধরনায় বসেন। এতে আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। জানা গেছে, ২০ টাকার বিনিময়ে ৬টি ফুচকার জায়গায় মাত্র ৪টি ফুচকা পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তিনি ফুচকা বিক্রেতাকে আরও ২টি ফুচকা দিতে বললে তিনি তা দিতে রাজি হননি। এরপরই শুরু হয় নাটক। নিজের দাবিতে অনড় থেকে মহিলা সেখানেই রাস্তায় বসে পড়েন।
ফুচকার প্লেট হাতে নিয়ে রাস্তায় অনশনে বসেন ওই মহিলা। তার এমন কাণ্ডে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ কর্মকর্তারা ওই মহিলাকে বোঝানোর অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি তার অবস্থানে অনড় থাকেন। কাঁদতে কাঁদতে মহিলা পুলিশকে বলেন যে ফুচকাওয়ালা সবাইকে ৬টি ফুচকা দিলেও তাকে ২টি কম দিয়েছেন। তিনি পুলিশকে হয় ২টি ফুচকা এনে দিতে বলেন, না হলে ফুচকাওয়ালার দোকান সেখান থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।
অবশেষে অনেক চেষ্টার পর পুলিশ মহিলাকে বুঝিয়ে থানায় নিয়ে যায় এবং ফুচকাওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে রাজি করায়। শেষ পর্যন্ত পুলিশের নির্দেশে ফুচকা বিক্রেতা এক দিনের মধ্যে তার দোকান অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হন। এই ঘটনার পর যানজট স্বাভাবিক হয় এবং গাড়ি চলাচল আবার শুরু হয়।