বর্ষাশুরকে বধ করবে কে? মহালয়ার আগে বৃষ্টিতে ভাসছে বাংলা, জেনে নিন আপনার জেলার আবহাওয়া

আর মাত্র দু’দিন পরেই মহালয়া। দেবীপক্ষের সূচনা। সারা বছর ধরে বাঙালি এই দিনের অপেক্ষায় থাকে। কিন্তু পুজো শুরুর আগেই ভিলেন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বর্ষা বিদায় না নেওয়ায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই চলছে তার দাপট। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
মহালয়ার দিন রাজ্যের অধিকাংশ জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। বিকেল বা সন্ধ্যার দিকে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি।
শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার, অর্থাৎ মহালয়ার দিন দুপুরের পর থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান সহ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
এই বৃষ্টির কারণ ঝাড়খণ্ডের উপরে অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। পুজোতে এই বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে কিনা, এখন সেটাই দেখার বিষয়।