বাড়ির বারান্দা ঘেঁষে ফ্লাইওভার! ৯৯৮ কোটির সেতুতে হতবাক নাগপুর, ভাইরাল হলো ‘আজব’ দৃশ্য

নাগপুর শহরের অন্যতম আকর্ষণ, ৯৯৮ কোটি টাকা খরচ করে তৈরি ইন্দোরা-দিঘোরি ফ্লাইওভার এখন তুমুল বিতর্কের কেন্দ্রে। ফ্লাইওভারটির একটি অংশ একটি দোতলা বাড়ির ব্যালকনির উপর দিয়ে চলে যাওয়ায় এই বিতর্ক সৃষ্টি হয়েছে। এই অদ্ভুত দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
নাগপুর পৌরসভা ওই বাড়িটিকে ‘অবৈধ নির্মাণ’ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বাড়িটি নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, উড়ালপুল নির্মাণকারী সংস্থা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই) জানিয়েছে, তাদের নির্মাণে কোনো ত্রুটি নেই। তাদের দাবি, অনুমোদিত ডিজাইন অনুযায়ীই ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে এবং বাড়ির যে ব্যালকনিটি সেতুর নিচে পড়েছে, সেটিই বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এনএইচএআই জানিয়েছে, তারা পৌরসভাকে এই ব্যালকনিটি ভেঙে ফেলার জন্য অনুরোধ করেছে এবং এটি ভেঙে ফেললে সেতুর কোনো ক্ষতি হবে না।
যদিও স্থানীয় বিধায়ক প্রবীণ ডাকে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি ওই বাড়িটির বৈধতা-অবৈধতার বিতর্কে না গিয়ে বরং প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন। তাঁর মতে, ফ্লাইওভার নির্মাণের আগে ওই পরিবারকে আগাম নোটিশ দেওয়া এবং পুনর্বাসনের ব্যবস্থা করা যেত।
এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, এত বড় একটি নির্মাণ প্রকল্পের আগে কেন যথাযথ সমীক্ষা চালানো হয়নি? তবে কি এই ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ছিল?