‘মোদী তো চোরই!’ পুজোয় নতুন মিউজিক ভিডিওর শুটে এসেই ফের বিস্ফোরক মদন মিত্র, বললেন ‘বেঙ্গল দুর্জয় ঘাঁটি’

ভাদ্র মাস শেষ হলেও গরমের দাপট এখনো কমেনি। এরই মাঝে পুজোর আমেজ নিয়ে হাজির হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরিচালক অংশুমান প্রত্যুষের পরিচালনায় আসছে নতুন মিউজিক ভিডিও ‘বলো দুগ্গা মাইকি’, যেখানে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে কালারফুল মদন মিত্রকে।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ভবানীপুরের রূপনারায়ণ নন্দন লেনে এই মিউজিক ভিডিওর শুটিং শুরু হয়। নির্ধারিত সময়েই হলুদ ধুতি-পাঞ্জাবি পরে সেটে হাজির হন মদন মিত্র। সেটে এসেই পরিচালককে তাড়া দিয়ে তিনি বলেন, “এতক্ষণ এরকম একটা ছোট গলি আটকে শুটিং করা যাবে না। অনেক লোকের যাতায়াত এই রাস্তা দিয়ে।”

শুটিং চলাকালীনই মদন মিত্র তার স্বভাবসুলভ ভঙ্গিতে মেকআপ ম্যানকে বলেন, “এত মেক আপ লাগে না। এত রঙচঙের দরকার হয় না আমাদের। দাঁড়িটা কামিয়ে নিলেই হয়ে যায়।” রাজনীতি থেকে ক্যামেরার সামনে, সব কিছুতেই তার স্বচ্ছন্দ্য উপস্থিতি আরও একবার প্রমাণ করলেন তিনি।

এই মিউজিক ভিডিওতে নায়ক-নায়িকার ভূমিকায় রয়েছেন রুতভি ধর এবং জন ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন সম্রাট রায়। শুটের ফাঁকে ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময় মদন মিত্র বলেন, “এই মিউজিক ভিডিওর নায়ক-নায়িকা জন এবং শুভাঙ্কির সঙ্গে আগেও কাজ করার সুযোগ হয়েছে। দুজনেই খুব ভালো। আনন্দ পাচ্ছি।”

এছাড়াও, আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, “২০২৬-এও আমরা ২৫০ সিট নিয়ে আসছি। এটা মুম্বই নয়, এটা দিল্লি নয়। এখানে ‘এসআইআর’ ‘টেসআইআর’ কিছু হবে না। আমি আবারও বলব, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। এটা বেঙ্গল। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। কোনও চান্স নেই কারওর আসার। আবার মমতাই আসবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে করা প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, “মোদী তো চোরই।” এই মন্তব্য করে ফের ক্যামেরার সামনে শট দিতে শুরু করেন তিনি। পুজোর আমেজে ভরপুর এই মিউজিক ভিডিওতে ছোটদের সঙ্গেও একটি দৃশ্যে দেখা যাবে মদন মিত্রকে।