‘ভারতকে সেরা বানাতে ভগবান তাঁকে পাঠিয়েছেন’-মোদীর ৭৫তম জন্মদিনে মুকেশ আম্বানির বার্তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা। এই তালিকায় রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানিও, যিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে মোদীর দীর্ঘায়ু কামনা করেছেন। প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, “ভারতকে বিশ্বের সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে ভগবান তাঁকে পৃথিবীতে পাঠিয়েছেন।”

নিজের ভিডিও বার্তায় মুকেশ আম্বানি বলেন, “আজ ১.৪৫ বিলিয়ন ভারতবাসীর জন্য একটি উৎসবের দিন, কারণ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। আমি আমাদের দেশের সমগ্র ব্যবসায়িক মহল, রিলায়েন্স গ্রুপ এবং আম্বানি পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।” তিনি আরও যোগ করেন যে, “মোদীজির এই অমৃত মহোৎসব কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ভারতের অমৃতকালের সূচনা।” আম্বানির বিশ্বাস, মোদী আগামী দিনেও দেশকে নেতৃত্ব দিয়ে যাবেন।

আম্বানি বলেন, “আমি এমন একজন দেশনেতা এর আগে দেখিনি, যিনি ভারত এবং ভারতবাসীর জন্য নিরন্তর কাজ করে চলেছেন। আপনি খুব ভালো থাকুন।” তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন অবিরাম পরিশ্রমী নেতার নেতৃত্বেই ভারত বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।