‘প্রেমহীন’ পুজো? মন খারাপ না করে একাই কাটান উৎসবের দিনগুলো, রইল ৫টি দুর্দান্ত উপায়!

সামনেই দুর্গাপূজা। চারপাশে উৎসবের আমেজ, বাতাসে আনন্দের গন্ধ। সবাই যখন ভালোবাসার মানুষটির সঙ্গে রাত জেগে ঠাকুর দেখা বা একসঙ্গে অঞ্জলি দেওয়ার পরিকল্পনা করছে, তখন আপনি হয়তো সঙ্গীহীন হওয়ায় কিছুটা মন খারাপ করে আছেন। বন্ধুদের মধ্যে নিজেকে একা মনে করছেন এবং ভাবছেন, “কেন আমার মনের মানুষ নেই?”
এই হতাশ হওয়ার দিন শেষ। পুজো হলো আনন্দ আর হাসির দিন। নিজেকে ভালোবাসার এই সুযোগ হেলায় হারাবেন না। বরং এই ‘প্রেমহীন’ পুজোকে দ্বিগুণ আনন্দে উপভোগ করার পরিকল্পনা করুন। তাহলে আর দেরি কেন? এখনই পরিকল্পনা শুরু করে দিন। কীভাবে প্ল্যানিং করবেন ভাবছেন? রইল কিছু দারুণ উপায়।
একা থাকার আনন্দ উপভোগ করার ৫টি উপায়
কেনাকাটা করুন মন ভরে: ভালোবাসার মানুষ নেই বলে নতুন পোশাক কেনা বন্ধ করে দেবেন কেন? এখন তো অনলাইন শপিংয়ের যুগ। এক ক্লিকেই আপনার পছন্দসই পোশাক কিনে ফেলুন। অথবা যদি অনলাইনে ভরসা না থাকে, তাহলে একা একাই বাজারে ঘুরে পুজোর কেনাকাটা সেরে ফেলুন। নিজেকে উপহার দিন নতুন পোশাকে।
নিজেকে সাজিয়ে তুলুন: মনের মানুষ নেই বলে রূপচর্চায় কোনো কমতি রাখবেন না। ব্যস্ততা সামলে সময় করে পার্লারে যান। নিজের চুল ও ত্বকের যত্ন নিন। নিজেকে নতুন রূপে সাজিয়ে তুললে আপনার মন আপনাআপনিই ভালো হয়ে যাবে।
ঘর সাজানোতেও মন ভালো থাকে: নিজের ঘরকেও মনের মতো করে সাজান। নতুন বেডশিট, পর্দা, অথবা বিভিন্ন ধরনের আলো কিনে আপনার ঘরকে উৎসবের মেজাজে রাঙিয়ে তুলুন। সুন্দর করে সাজানো ঘর দেখলে আপনার মন ভালো থাকবে।
অন্যান্য সম্পর্কগুলোকে সময় দিন: সারা বছর অফিস আর কাজের চাপে আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করার সময় পাওয়া যায় না। পুজোর এই ক’টা দিন সেই সম্পর্কগুলো ঝালিয়ে নিন। তাদের বাড়ি যান, অথবা নিজের বাড়িতে ডেকে আড্ডা দিন। একসঙ্গে ঠাকুর দেখা বা রেস্তোরাঁ-ক্যাফেতে সময় কাটানোর পরিকল্পনাও করতে পারেন।
একা ট্রিপে যান: যদি আপনার ইচ্ছা হয়, তাহলে পুজোর ছুটিতে একা কোথাও ঘুরে আসতে পারেন। পাহাড়, সমুদ্র, অথবা পছন্দের কোনো জায়গায় ঘুরে এলে আপনার মন পুরোপুরি সতেজ হয়ে উঠবে। তবে মনে রাখবেন, যদি কোথাও যেতে চান তাহলে এখনই টিকিট এবং হোটেল বুকিং করে ফেলুন, নয়তো শেষ মুহূর্তে সমস্যা হতে পারে।