SSC-র মডেল উত্তরপত্র প্রকাশ! চ্যালেঞ্জ জানাতে পারবেন পরীক্ষার্থীরা, কীভাবে করবেন?

দীর্ঘদিন পর রাজ্যে অনুষ্ঠিত নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইটে এই উত্তরপত্র প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা এই মডেল উত্তরপত্রের সঙ্গে নিজেদের উত্তর মিলিয়ে নিতে পারবেন। কোনও উত্তর নিয়ে সংশয় থাকলে আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে তা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছে।

এসএসসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিটি প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করার জন্য পরীক্ষার্থীকে ১০০ টাকা করে জমা দিতে হবে। যদি চ্যালেঞ্জ সফল হয়, অর্থাৎ পরীক্ষার্থীর দাবি যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে ওই ১০০ টাকা ফেরত দেওয়া হবে। কমিশনের ওয়েবসাইটে ১১টি বিষয়ের ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর আপলোড করা হয়েছে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা উত্তর যাচাই করার জন্য পাঁচ দিন সময় পাবেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, চ্যালেঞ্জ পর্ব শেষ হওয়ার পর বিশেষজ্ঞদের মতামত নিয়ে পুজোর উৎসব মিটলে, অর্থাৎ অক্টোবরের শেষে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর নভেম্বরের শুরু থেকেই ইন্টারভিউ পর্ব শুরু হতে পারে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের নম্বর-সহ বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে যোগ্য শিক্ষকদের একাংশ মনে করছেন, কমিশনের আপলোড করা উত্তরপত্রটি বেশ জটিল, আরও সহজ পদ্ধতিতে প্রকাশ করা উচিত ছিল।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষায় নবম ও দশম শ্রেণির জন্য আবেদন করেছিলেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯১.৬২ শতাংশ। অন্যদিকে, ১৭ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন, যার মধ্যে ৯৩ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি এই নতুন পরীক্ষা নেয়। আগের প্যানেল বাতিল হওয়ার পর স্বচ্ছতা বজায় রাখতে এবার কমিশন একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম হলো মডেল উত্তরপত্র প্রকাশ করা এবং ওএমআর শিট দুই বছরের জন্য এবং কার্বন কপি ১০ বছরের জন্য সংরক্ষণ করা।