সুখবর! পুজোর আগেই বেতন পাবেন সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা রাজ্য সরকারের

দুর্গাপূজার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এক বড় সুখবর নিয়ে এল মমতা সরকার। কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে এবার পুজোর আগেই কর্মীদের বেতন ও পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থদফতর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
মঙ্গলবার অর্থদফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তারিখে দেওয়া হবে। শুধুমাত্র বেতনই নয়, গ্র্যান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড এবং অনারারিয়ামও এই সময়ের মধ্যে দেওয়া হবে। পেনশনভোগীরাও এই সুযোগ থেকে বঞ্চিত হবেন না। তাদের পেনশন অ্যাকাউন্টে আগামী ১ অক্টোবর তারিখে টাকা ঢুকবে।
আসলে ২৬ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুর্গাপূজার ছুটি, যা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সুবিধার জন্য বেতন ও পেনশন এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে পুজোর মাসে কর্মীদের হাতে নগদ টাকা থাকবে এবং তারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন।
শুধু সরকারি কর্মীরাই নন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের উপভোক্তারাও এই সুবিধা পাবেন। সেপ্টেম্বর মাসের ‘জয় বাংলা’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সহ অন্যান্য আর্থিক সহায়তা প্রকল্পের টাকা সাধারণত ১০ তারিখের পর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। কিন্তু এবার তা ১ অক্টোবর তারিখে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই কারণে বিভিন্ন দফতরের ডিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটরদের আগেভাগেই ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস জমা দিতে বলা হয়েছে।
সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই কথা মাথায় রেখেই এই ধরনের সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। সব মিলিয়ে, পুজোর আগে রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের উপভোক্তা, সকলের মুখে হাসি ফুটল।