মা দুর্গা নন, এবার ‘কল্কি’ অবতারে মনামী! মিউজিক ভিডিওতে কোন প্রতিশোধের গল্প বলছেন অভিনেত্রী?

দেবী দুর্গার মর্ত্যে আগমনের আগেই নতুন রূপে হাজির হলেন অভিনেত্রী মনামী ঘোষ। এবারের দুর্গাপূজায় তিনি কোনও সাধারণ গানের ভিডিও নিয়ে আসেননি, বরং সম্পূর্ণ অন্য ধরনের একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন। ‘ভিটামিন এম এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায়, সৈকত বারুরির পরিচালনায় মুক্তি পেয়েছে মনামীর নতুন মিউজিক্যাল ফিল্ম, ‘কল্কি’। এই ভিডিওতে তিনি অশুভ শক্তির বিনাশকারী ‘কল্কি’ অবতারে হাজির হয়ে সমাজকে এক বিশেষ বার্তা দিয়েছেন।
পরিচালক এবং অভিনেতার এই জুটি এর আগেও ‘ভিটামিন এম’ এবং ‘আইলো উমা বাড়িতে’র মতো হিট গানের ভিডিও উপহার দিয়েছেন। সেই ভিডিওগুলির বিপুল সাফল্যের পর, এই পুজোয় তারা নিয়ে এসেছেন ‘কল্কি’—যা সাধারণ গানের ভিডিওর চেয়ে অনেক বেশি কিছু। এই কারণে নির্মাতারা এটিকে ‘মিউজিক্যাল ফিল্ম’ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভিডিওটিতে মনামীর পাশাপাশি অভিনয় করেছেন সুমিত গঙ্গোপাধ্যায় এবং মৌসুমী সেন। গানটি লিখেছেন ঋতম সেন, সুর দিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য এবং গেয়েছেন নতুন শিল্পী প্রতিভা দত্ত। মনামীর সঙ্গে এই ভিডিওতে নৃত্যশিল্পী হিসেবে দেখা গিয়েছে রিকি-অদিতির নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের।
পরিচালক সৈকত বারুরি জানান, “কল্কি আসলে এক প্রতিশোধের গল্প। কল্কি হলেন সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের শেষ অবতার। এই দুর্গাপূজায় আমরা তাঁরই স্বরূপকে আহ্বান করেছি এই মিউজিক্যাল ফিল্মের মাধ্যমে।”
মনামী বলেন, “‘কল্কির’ মতো এত বড় একটি প্রোডাকশন মিউজিক ভিডিও হিসেবে সম্ভবত কলকাতায় এটাই প্রথম। আমরা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজটি করেছি। আশা করি দর্শক এই মিউজিক্যাল ফিল্মকে ভালোবাসা দেবেন।”
তিনি আরও বলেন, “‘আইলো উমা বাড়িতে’ গানটি ছিল কেবলই পুজোর গান, উৎসবের গান। সেই গান মানুষকে নাচিয়েছে। কিন্তু ‘কল্কি’ শুধু দুর্গাপূজার গান নয়, এটি আমার, আপনার এবং আমাদের সকলের গান। এই গান মানুষকে অনুপ্রাণিত করবে এবং ভাবাবে।” মনামী ঘোষের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই মিউজিক্যাল ফিল্মটি দেখা যাচ্ছে।