“হাত বেঁধে রাখা হয় সঙ্গীর…”-পুরীর সমুদ্র সৈকতের কাছে কলেজছাত্রীর গণধর্ষণ

ওড়িশার পুরীর সমুদ্র সৈকতের কাছে ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং জড়িত অন্যদের ধরতে তল্লাশি চালাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ব্রহ্মগিরি থানা এলাকার বলিহারচণ্ডী মন্দিরের কাছে। ওই ছাত্রী তাঁর এক পুরুষ বন্ধুর সঙ্গে সেখানে গিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, প্রথমে স্থানীয় কিছু যুবক তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও তোলে এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। তাঁরা টাকা দিতে অস্বীকার করলে, ওই যুবকদের মধ্যে দুজন ছাত্রীর পুরুষ সঙ্গীকে বেঁধে রেখে তাঁকে ধর্ষণ করে। ঘটনার যন্ত্রণা কাটিয়ে সোমবার সন্ধ্যায় নির্যাতিতা ব্রহ্মগিরি থানায় একটি এফআইআর দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করায় এবং তদন্ত শুরু করে।

পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে গত ১৫ জুন গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে হওয়া একটি গণধর্ষণের ঘটনার সাদৃশ্য রয়েছে। সেই ঘটনায় দশজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির ফলে ওড়িশার সমুদ্র সৈকত এলাকাগুলির নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।