SSC-পরীক্ষার OMR শিট আজ হবে আপলোড, জেনেনিন কোথায় দেখতে পারবেন?

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। এর মাধ্যমে প্রার্থীরা নিজেদের উত্তর মিলিয়ে নেওয়ার পাশাপাশি কোনো ভুল থাকলে তা চ্যালেঞ্জ করারও সুযোগ পাবেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, নবম-দশম শ্রেণির উত্তরপত্র ১৬ সেপ্টেম্বর এবং একাদশ-দ্বাদশ শ্রেণির উত্তরপত্র ২০ সেপ্টেম্বরের মধ্যে আপলোড করা হবে। পরীক্ষার্থীরা উত্তরপত্রে কোনো সমস্যা পেলে তা আপলোড করার ৫ দিনের মধ্যে কমিশনকে জানাতে পারবেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মডেল উত্তরপত্র ২ বছর পর্যন্ত এবং পরীক্ষার্থীদের স্ক্যান করা উত্তরপত্রের ইমেজ আগামী ১০ বছরের জন্য সংরক্ষণ করা হবে।

ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিস্তারিত তথ্য সামনে এসেছে। পুজোর পরেই ফলাফল প্রকাশ করা হবে এবং কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য, তা জানানো হবে। নভেম্বরে ইন্টারভিউয়ের প্যানেল প্রকাশিত হবে এবং সেই মাসেই ইন্টারভিউ শুরু হবে। এসএসসি চেয়ারম্যানের মতে, ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হবে।