ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ, হাসি মুখে বেরিয়ে কী বললেন অভিনেত্রী?

বেআইনি বেটিং অ্যাপ মামলার তদন্তে সোমবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সদর দফতরে হাজিরা দেন অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। প্রায় ৯ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাত ৮টা নাগাদ ইডি অফিস থেকে বেরিয়ে আসেন তিনি। যদিও এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে ক্যামেরায় ধরা পড়ে হাসিমুখেই গাড়ি করে বেরিয়ে যান তিনি।
ইডি সূত্রে খবর, কীভাবে অভিনেত্রীর সঙ্গে এই বেটিং অ্যাপের চুক্তি হয়েছিল এবং এর জন্য আর্থিক লেনদেন কীভাবে সম্পন্ন হয়, তা জানতে চাওয়া হয়েছে। চুক্তি সংক্রান্ত কাগজপত্র না থাকায় বাইরে থেকে তা আনিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, এই একই মামলায় মিমি চক্রবর্তীর ঘনিষ্ঠ বন্ধু অঙ্কুশ হাজরার নামও জড়ানো হয়েছে। এর আগে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের মতো একাধিক তারকাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলি অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও তলব করা হয়েছে।
বেআইনি এই অনলাইন বেটিং অ্যাপগুলির বিরুদ্ধে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আয়ের অভিযোগ রয়েছে। এই অ্যাপগুলির প্রচারে যুক্ত সেলিব্রিটিদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, এই তারকারা বেআইনি কার্যক্রম সম্পর্কে অবগত হয়েও কেন এর প্রচার করেছেন এবং এর জন্য তাঁরা কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।