হঠাৎ ডেকে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে, টাটার এই সংস্থায় কেন এমন অভিজ্ঞতা হচ্ছে কর্মীদের

ভারতের অন্যতম বৃহৎ টেক কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসের (TCS) বিরুদ্ধে কর্মীদের মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। কোম্পানির এক কর্মী রেডিট-এ (Reddit) একটি পোস্টে তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। তিনি লিখেছেন, টিসিএস যেকোনো মুহূর্তে জুনিয়র কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করতে দ্বিধা করে না এবং ইস্তফা দিতে রাজি না হলে নানান রকম হুমকিও দেওয়া হয়।

কী ঘটেছিল?
ওই কর্মী তার পোস্টে জানিয়েছেন, হঠাৎ একদিন সংস্থার মানবসম্পদ বিভাগ (HR Team) তাকে ডেকে পাঠায় এবং ইস্তফা দিতে বলে। যদি তিনি তাতে রাজি না হন, তাহলে খারাপ রিভিউ দিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে চাপের মুখে তিনি ইস্তফা দিতে রাজি হননি। তিনি আরও জানান, মূলত জুনিয়র কর্মীদের এভাবে আচমকা ইস্তফা দিতে বলা হয়। রাজি না হলে বেতন আটকে দেওয়া, ব্ল্যাকলিস্ট করে দেওয়া এবং খারাপ রিভিউয়ের ভয় দেখানো হয়।

বর্তমান চাকরির বাজারে চাকরি হারানো যে কতটা কঠিন, তা নতুন প্রজন্ম ভালো করেই জানে। তাই অনেক কর্মীই এইচআর-এর হুমকি ও মানসিক চাপ সহ্য করে কাজ করে যান।

সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ
টিসিএস-এর মতো নামকরা একটি সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগের পর অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। একজন লিখেছেন, “যখন কর্মীদের চাকরি ছাড়ার আগে এক থেকে তিন মাসের নোটিশ দিতে হয়, তখন কোম্পানিগুলো কেন কর্মী ছাঁটাইয়ের আগে নোটিশ দেবে না?”

যদিও টিসিএস-এর কোন শাখায় ওই ব্যক্তি কর্মরত ছিলেন তা জানা যায়নি, তবে এই ঘটনা কর্পোরেট জগতে কর্মীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।