নিজেই দুর্গা সেজে অভিনব বার্তা মুখ্যমন্ত্রীকে, ইছামতী নদী সংস্কারের দাবি জানালেন তরুণী

শিক্ষক দিবস উপলক্ষে বনগাঁ পুরসভার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ইছামতী নদী সংস্কারের দাবিতে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হলো। রবিবার সন্ধ্যায় শহরের নীলদর্পণ মঞ্চে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি ইছামতীর করুণ দশা তুলে ধরে একটি বিশেষ পোস্টার উদ্বোধন করা হয়। শৈবাল ও কচুরিপানায় ঢাকা ইছামতীর পাশে বিষণ্ণ দেবী দুর্গার ছবি ব্যবহার করে তৈরি এই পোস্টারটি নদীটির প্রাণ ফিরিয়ে আনার আবেদন নিয়ে তৈরি হয়েছে।

বনগাঁর মেয়ে অর্পিতা বণিক নিজেই দেবী দুর্গা সেজে এই প্রতীকী পোস্টারটি তৈরি করেছেন। শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি ছবিটি পুরপ্রধান গোপাল শেঠের হাতে তুলে দেন, যাতে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া যায়। পরে পুরপ্রধান এই ছবিটি বিশিষ্ট চিত্রসাংবাদিক অশোক মজুমদারের হাতে তুলে দেন। পুরপ্রধান জানান, আসন্ন দুর্গাপূজার সময় বনগাঁর মণ্ডপে মণ্ডপে এই পোস্টারটি প্রদর্শন করা হবে, যাতে নদী সংস্কারের দাবি আরও জোরালো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতী ঘোষাল, চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস এবং চিত্রসাংবাদিক অশোক মজুমদার। অভিনেত্রী চৈতী ঘোষাল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এই ছবিতে দেবী দুর্গা ক্রুদ্ধ এবং বিষণ্ণ, যা ইছামতীর বর্তমান অবস্থাকে তুলে ধরেছে। এটি মুখ্যমন্ত্রীর কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেবে।’ ছবির মডেল অর্পিতা বণিকের আশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত ইছামতীর সংস্কার করে বনগাঁবাসীকে বন্যার হাত থেকে রক্ষা করবেন। এই অভিনব উদ্যোগকে স্বাগত জানাতে উপস্থিত দর্শকাসন ছিল পরিপূর্ণ।