তারকেশ্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মুহূর্তের মধ্যে ছড়াল আগুন, পুড়ে ছাই ৬টি দোকান, হতভম্ব ব্যবসায়ীরা

পুজোর মুখে হুগলির তারকেশ্বরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সকালে চাঁপাডাঙা বাসস্ট্যান্ড এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে মোট ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন দোকানদাররা।
স্থানীয়রা জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৬টা নাগাদ একটি চপের দোকানে আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। এরপরই দ্রুত আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে মোট ছয়টি দোকানকে গ্রাস করে নেয়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় মানুষ এবং দমকলের একাধিক ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় বাসস্ট্যান্ড এলাকায় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন, এবং আগুনের তীব্রতায় তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। পুজোর ঠিক আগে এই ধরনের ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মাথায় হাত। কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা। পুলিশ ও দমকল অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।