আতঙ্ক ছড়াল সোনামুখীতে, পুকুরপাড় থেকে উদ্ধার ৯ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের বিশালাকার পাইথন

বাঁকুড়ার সোনামুখী লোকালয় থেকে ৯ ফুট লম্বা এবং প্রায় ১৪ কেজি ওজনের একটি বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার হয়েছে। এই বন্যপ্রাণী লোকালয়ে আসায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

বনদফতর সূত্রে জানা গেছে, সোনামুখীর শীতলঝোড় এলাকার একটি পুকুর পাড়ে স্থানীয় বাসিন্দারা প্রথম এই বিশাল অজগরটিকে দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সোনামুখী বনদফতরের আধিকারিকেরা। ইন্ডিয়ান রক পাইথনটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে বনদফতরে নিয়ে যাওয়া হয়।

সোনামুখী রেঞ্জের বিট অফিসার ইদ্রিস সরকার জানান, উদ্ধার হওয়া সাপটির প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং সেটি সুস্থ আছে। এরপর তাকে আবার সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ঘন ঘন বন্যপ্রাণীর লোকালয়ে আসা নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে নজর রাখতে বনদফতরকে অনুরোধ করেছেন তারা।