Weather:পুজোর আগে নিম্নচাপের ভ্রূকুটি! বাংলায় কি হবে বৃষ্টি? জেনেনিন আপডেট

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে, যা পুজোর মুখে বাংলার আবহাওয়া নিয়ে নতুন করে কৌতূহল বাড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, যদিও এই নিম্নচাপের সরাসরি প্রভাব রাজ্যে পড়বে না, তবে জলীয় বাষ্পের সঞ্চালনের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কায় বাংলাবাসী এখন আকাশের দিকে তাকিয়ে।
উত্তরবঙ্গের আবহাওয়া: দার্জিলিং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও এই জেলাগুলোতে একই ধরনের সতর্কতা বলবৎ থাকবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিংসহ আরও পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে বুধবার থেকে
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থেকে রেহাই নেই। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কলকাতার আবহাওয়ায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ থেকে ৯১ শতাংশের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল।