প্রাক্তন সেনা জওয়ানকে কেন খুন করা হল, ১ মাসের তদন্তে বিএসএফ জওয়ান সহ ২ জন গ্রেফতার

এক প্রাক্তন সেনা জওয়ানের নলিকাটা দেহ উদ্ধারের এক মাসের মাথায় চাঞ্চল্যকর খুনের কিনারা করল অশোকনগর থানার পুলিশ। এই ঘটনায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এক বিএসএফ জওয়ান-সহ মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৬ আগস্ট অশোকনগরের দোগাছিয়া এলাকার একটি জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির নলিকাটা দেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পকেটে পাওয়া বাসের টিকিট থেকে পুলিশ জানতে পারে, নিহত যুবকের নাম শেখ নুর আলাম (৩৩), যিনি একজন প্রাক্তন সেনা কর্মী এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা। ছেলের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাবা শেখ সিরাজুল ইসলাম অশোকনগরে এসে দেহ শনাক্ত করেন এবং পুলিশের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ। এক মাসের নিবিড় তদন্তের পর পুলিশ জানতে পারে, এই খুনের সঙ্গে জড়িতরা উত্তরপ্রদেশে লুকিয়ে আছে। এরপরই পুলিশ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অভিযান চালিয়ে বিএসএফ জওয়ান অভিজিৎ হালদারকে গ্রেফতার করে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত শম্ভু পাল নামে আরেকজনকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ এখন এই খুনের পেছনের আসল উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে। প্রাক্তন এক সেনা জওয়ানকে কেন এমন নির্মমভাবে খুন করা হলো, তার পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ আছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।